
কলেজছাত্রী সোহাগী জাহান তনুর ডিএনএ পরীক্ষার প্রতিবেদন দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডকে দেওয়ার জন্য সিআইডিকে চিঠি দেওয়া হয়েছে।
মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা ও সিআইডির মধ্যে এক সপ্তাহ ধরে এ নিয়ে চিঠি চালাচালি চলছে।
এ বিষয়ে সিআইডির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ডিএনএ পরীক্ষার ফলাফল কোনো প্রয়োজনীয় উপাদান নয়। এটা ব্যক্তিকে শনাক্ত করার কাজে লাগে। ডিএনএ প্রতিবেদন ছাড়াই ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব। ওই কর্মকর্তারা বলেন, ডিএনএ প্রতিবেদন ময়নাতদন্তকারীদের দিলে সেটা জানাজানি হতে পারে। এতে তদন্তকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ডিএনএ প্রতিবেদন পাওয়ার জন্য ডা. কামদা প্রসাদ সাহা সিআইডিতে আবেদন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে ডা. কামদা প্রসাদ সাহা প্রথম আলোকে বলেন, ‘ডিএনএ প্রতিবেদন ও চিঠি চালাচালি নিয়ে কোনো মন্তব্য করব না।’ কবে নাগাদ দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দেবেন, সে বিষয়েও কিছু বলতে রাজি হননি তিনি।
তনুর প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে বিতর্ক ওঠার পর আদালতের নির্দেশনায় ৩০ মার্চ দ্বিতীয় ময়নাতদন্ত হয়। এরপর ৩৫ দিন পার হলেও এখন পর্যন্ত দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হয়নি।
এদিকে দেড় মাস পরও তনু হত্যার কারণ উদ্ঘাটন বা খুনিরা শনাক্ত হয়নি। তদন্তের গতিও শ্লথ হয়ে গেছে বলে মনে করছেন তনুর শুভানুধ্যায়ীরা।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত সহায়ক দলের প্রধান সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে তদন্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ইব্রাহীম তদন্তের বিষয়ে কিছু বলতে রাজি হননি।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু গত ২০ মার্চ রাতে খুন হন। ওই রাতে ময়নামতি সেনানিবাসের ভেতর একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।