ডিএনডি বাঁধের খাল অবৈধভাবে ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়কের গোদনাইল চৌধুরীবাড়ী বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের পানি সংরক্ষণ খাল অবৈধভাবে বালু দিয়ে ভরাট করা হচ্ছে।
স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠী বিপণিবিতান নির্মাণ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতে খালটি ভরাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়ভাবে ডিএনডি ক্যানেল হিসেবে পরিচিত ১১ কিলোমিটার দৈর্ঘ্যের ওই খালের এক বিঘা অংশ এরই মধ্যে বালু ফেলে ভরাট করা হয়েছে। খালটির আরও নয় বিঘা এলাকা ভরাট করা হবে বলে জানা গেছে। এরই মধ্যে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অবৈধভাবে খাল ভরাট বন্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছে।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, শীতলক্ষ্যা নদীতে খননযন্ত্র বসিয়ে পাইপের মাধ্যমে বালু খালে ফেলা হচ্ছে। স্থানীয় লোকজন জানান, ডিএনডি খালের পাশে অস্থায়ী দোকান তুলে কয়েক ব্যক্তি ব্যবসা করতেন। খালের দখলদারেরা এসব দোকান সরিয়ে নেওয়ার জন্য হুমকি দিয়েছেন। আবদুর রাজ্জাক নামের এক ব্যবসায়ীকে মারধরও করা হয়। ওই ব্যবসায়ী গত ১২ নভেম্বর মারা যান। দখলদারেরা প্রভাবশালী হওয়ায় তাঁর স্ত্রী থানায় কোনো অভিযোগ করতে সাহস পাননি। আবদুল খালেকের স্ত্রী নুরুন্নাহার অভিযোগ করেন, হুমকি ও অপমান সহ্য করতে না পেরে আবদুর রাজ্জাক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এলাকাবাসী জানান, গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ রাব্বী, সাধারণ সম্পাদক শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানার ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, চৌধুরীবাড়ী বণিক সমিতির সভাপতি যুবলীগ সমর্থক মহসীন ভূইয়া, শহীদুল্লাহ, টুন্ডা সেলিম এবং বিএনপির সমর্থক জাকির হোসেনের নেতৃত্বে এই খাল ভরাট করা হচ্ছে। খাল ভরাট করে বিপণিবিতান নির্মাণের জন্য এরই মধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। দখলদারদের লক্ষ্য নয় বিঘা জমি দখল করে বিপণিবিতান নির্মাণ করা। ওই জমির আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি ৪০ লাখ টাকা। বিপণিবিতান নির্মাণ করে প্রতিটি দোকান ১৫ থেকে ২০ লাখ টাকায় বরাদ্দ দেওয়া হবে বলে এরই মধ্যে এলাকায় প্রচার করা হয়েছে।
সওজের নারায়ণগঞ্জ সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী ফিরোজ আলম গত ১১ নভেম্বর এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। তিনি দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানান। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার বলেন, খালটি ভরাট করা হলে এলাকায় জলাবদ্ধতা বাড়বে। এরই মধ্যে খাল ভরাট বন্ধ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।
খাল ভরাট করার ব্যাপারে জানতে চাইলে চৌধুরীবাড়ী বণিক সমিতির সভাপতি যুবলীগের সমর্থক মহসীন ভূঁইয়া বলেন, ওই স্থানের সামনে একটি মসজিদ রয়েছে। জুমার নামাজের সময় মসজিদে স্থান সংকুলান না হওয়ায় মুসুল্লিরা রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়েন। এ জন্য মসজিদটি ভরাট করা অংশে স্থানান্তর করা হচ্ছে। বিপণিবিতান নির্মাণের কোনো পরিকল্পনা তাঁদের নেই। গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম দাবি করেন, খাল ভরাটের বিষয়ে তিনি কিছু জানেন না। সভাপতি জানতে পারেন। সভাপতি এম এ বারীর মুঠোফোনে ফোন দেওয়া হলে তা ধরেননি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডিএনডি সেচ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু সায়ীদ বলেন, ‘বুধবার দুপুরে সরেজমিন পরিদর্শন করে আমরা জানতে পেরেছি, খালের যে অংশ পর্যন্ত বালু ভরাট করা হয়েছে, তা সওজের অধীন। বালু ভরাটের পরিমাণ আরও বাড়লে পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, ‘সওজ আমাদের কাছে অভিযোগ করবে কেন? তাদের জমি তারা দখলমুক্ত রাখবে। এ ক্ষেত্রে অভিযান চালাতে চাইলে পুলিশ প্রয়োজনীয় ফোর্স দেবে।’