ডিএনসিসির সভায় পুলিশ ও কাউন্সিলর পাল্টাপাল্টি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একাধিক কাউন্সিলর অভিযোগ করেছেন, ফুটপাতের অবৈধ দখল ও মাদক ব্যবসার সঙ্গে কিছু পুলিশ সদস্য জড়িত। অন্যদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, তাঁরা হকারদের তুলতে ও মাদক নিয়ন্ত্রণে সচেষ্ট হলেও জনপ্রতিনিধিরা তাঁদের কাছে নানাভাবে তদবির করেন।
রাজধানীর গুলশান ক্লাবে আজ রোববার ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের নিরাপত্তা ও টেকসই নিশ্চিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় কাউন্সিলর ও পুলিশ কর্মকর্তারা পরস্পরের প্রতি এই অভিযোগ করেন। ডিএনসিসি কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের এই মতবিনিময় সভার আয়োজক ছিল ডিএনসিসি। সভায় ফুটপাত দখলমুক্ত করা ও মাদক সমস্যা নিরসনে পুলিশ ও ওয়ার্ড কাউন্সিলররা সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
সভার শুরুতেই মেয়র আনিসুল হক বলেন, তেজগাঁও ও মোহাম্মদপুর এলাকায় মাদকদ্রব্যের ব্যবসা বেশি মাত্রায় হচ্ছে। গুলশানের মতো অভিজাত এলাকা থেকে মাদক বেশি ছড়ায়। তরুণসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করলেও পরদিন তাঁরা আবার বসেন। বদনাম হয় মেয়র ও পুলিশের। সবচেয়ে বড় সমস্যা এই দখল। কাউন্সিলর ও পুলিশ সমন্বিতভাবে কীভাবে কাজ করতে পারে, সেটা ঠিক করতে হবে।
সংরক্ষিত নারী কাউন্সিলর শামীমা রহমান বলেন, ‘তেজগাঁও এলাকার মাদক ব্যবসার সঙ্গে পুলিশের নিচের সারির কিছু লোকজন জড়িত। শুধু ডিসি-ওসি ভালো হলে হবে না। পুলিশ শুধু মাদকসেবীদের ধরে। যারা মাদক ব্যবসা করে তাদের ধরে না।’
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘প্রতি মাসে ৭০-৮০টি মাদক মামলা হচ্ছে। একজন মাদক ব্যবসায়ীকে ধরে আদালতে দিলে জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। কারওয়ান বাজারসংলগ্ন রেললাইনের বস্তিতে মাদকের ব্যবসা চলে। এই বস্তিটি উচ্ছেদ করা হলে তেজগাঁও এলাকা স্থায়ীভাবে মাদকমুক্ত করা সম্ভব।’
গুলশান অঞ্চলের পুলিশের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে কথা বলছেন, অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো লোকজন নেই। মাদক নিয়ন্ত্রণ তাঁদের দায়িত্ব। ফেনসিডিল, হেরোইন, ইয়াবার কারখানা বাংলাদেশে নেই। সীমান্তপথে বস্তার পর বস্তা মাদক আসছে। শুধু পুলিশকে মাদক নিয়ন্ত্রণ করতে না বলে সীমান্তে ব্যবস্থা নিন।’
ডিএনসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান হোসেন, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গনী তাঁদের বক্তব্যে ফুটপাতে উচ্ছেদ করার ক্ষেত্রে পুলিশ সদস্যদের সঙ্গে নিজেদের সমন্বয়হীনতার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, একবার উচ্ছেদ করা হলে পরের দিন দু-তিনটি দোকান আবার বসে পড়ে। তারপর আবার আগের মতো দখল হয়ে যায়।
তেজগাঁও অঞ্চলের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘পুলিশ হকার উচ্ছেদ করতে চায়। কিন্তু যাঁরা হকারদের তুলে দিলে আবার বসাতে তদবির করেন, তাঁরাই হকারদের টাকা খান।’ এ সময় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান বলেন, ‘কারা তদবির করে ও টাকা খায় স্পষ্ট করে বলেন।’ বিপ্লব কুমার বলেন, ‘পুলিশ কর্মকর্তা হিসেবে আইনের মধ্যে থেকে আমাদের কাজ করতে হয়। পুলিশ সব কথা বললে অনেকের অবস্থা খারাপ হয়ে যাবে।’
ডিএমপির ডিসি-উত্তর (ট্রাফিক) প্রবীর কুমার রায় বলেন, লোকজন যত্রতত্র রাস্তা পার হচ্ছে। পুলিশ কীভাবে যানবাহনের চলাচল নিরবচ্ছিন্ন রাখবে। জনগণ সড়কে আইন না মানলে পুলিশের কী করার থাকে। বারবার নিষেধ করার পরও সড়কে গাড়ি পার্কিং করা হয়। পুলিশ রেকার দিচ্ছে। কিন্তু এটাই সমাধান না।
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহুল ইসলাম, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদ (ডিসি, ট্রাফিক পশ্চিম), ডিএমপির ডিসি (উত্তরা) বিধান ত্রিপুরা ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বক্তব্য দেন।