ডিএসসিসির কানুনগো মোহাম্মদ আলীকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কানুনগো মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দিবাগত রাতে তাঁকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম।
দুদক সূত্র জানায়, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে করা একটি মামলার তদন্তের সময় মামলার সঙ্গে মোহাম্মদ আলীর সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিসিসির ১০টি মার্কেটে ১৩৮টি দোকান পছন্দের লোকদের নামে বরাদ্দ দিয়ে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগে চলতি বছরের মে মাসে সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম। তিনিই মামলার তদন্ত করছেন।
দুদক সূত্র জানায়, মোহাম্মদ আলী ২০০৫ সালে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে ডিসিসিতে যোগ দেন। চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি ডিসিসির দোকান বরাদ্দ, টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নানান অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এর মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক বনে যান।
প্রায় ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী গত বছরের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে একটি মামলা করেন। ডিসিসির বিভিন্ন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত কয়েকটি মামলা করেছে দুদক, যার একটিতে ইতিমধ্যে অভিযোগপত্রও দেওয়া হয়েছে।
সাদেক হোসেন খোকা ডিসিসির মেয়র থাকাকালে তাঁর সই জাল করে অবৈধভাবে মার্কেটে দোকান বরাদ্দ দেওয়া ও নথিপত্র গায়েব করার অভিযোগে বরখাস্ত হয়েছিলেন কানুনগো মোহাম্মদ আলী।
এর আগে ২০১৪ সালে দুর্নীতির মামলায় হাজিরার জন্য আলী আহম্মেদ নামের একজনকে মোহাম্মদ আলী সাজিয়ে আদালতে পাঠানোর ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন এই কানুনগো। পরে জামিনে মুক্তি পান তিনি।