ডিএসসিসির দোকান বরাদ্দে অনিয়ম: নথি চেয়ে দুদকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রায় ৫ হাজার দোকান বরাদ্দে ব্যাপক অনিয়ম আর জালিয়াতি করে দুর্নীতিবাজ একটি চক্র হাতিয়ে নিয়েছে প্রায় শত কোটি টাকা। সুনির্দিষ্ট এ অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানিয়েছে, প্রশাসকের অধীনে থাকাকালীন সময়ে এক বছরেই তড়িঘড়ি করে তৈরি করা হয়েছে ১১টি মার্কেট, ২০টি স্থানে বিচ্ছিন্নভাবে বসানো হয়েছে দোকান। ১৪টি সাজানো সমিতির নামে এক মার্কেটেই দেওয়া হয়েছে এক হাজার ২৪২টি দোকান, মেয়র-মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য যে ২৫ শতাংশ কোটা রয়েছে তা নিজেরাই ভাগ-বাঁটোয়ারা করে নিয়ে গেছেন।
অনুসন্ধান প্রক্রিয়ার অংশ হিসেবে নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে মেয়র সাঈদ খোকনের কাছে নথিপত্র পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী। নোটিশে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে চাহিদা অনুযায়ী নথিপত্র দিতে অনুরোধ করা হয়েছে।
মেয়রের কাছে পাঠানো চিঠিতে যেসব নথিপত্র চাওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, যাত্রাবাড়ী মার্কেটে ১ হাজার ২৪২ টি, বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেটে ৬০০ টি, ঢাকা ট্রেড সুপার মার্কেটে ১ হাজার ৭৪২ টি, সায়েদাবাদ রেলওয়ে বাজার মার্কেটে ৩২ টি, নীলক্ষেত রোড সাইড মার্কেট, ঢাকা নিউসুপার মার্কেট দক্ষিণ ভবনের পূর্ব লাশ, নিউমার্কেট আবদুর রহিম ওয়াক্ফ এস্টেট মসজিদ সংলগ্ন খালি জায়গা, সুন্দরবন স্কয়ার মার্কেট, আহসান মঞ্জিল সুপার মার্কেট, কাপ্তানবাজার রোড সাইড মার্কেট, নবাব ইউসুফ মার্কেটের ৫ নম্বর ভবন, পলাশী আজিমপুর রোড সাইড মার্কেট, বলদা গার্ডেন সংলগ্ন ১৩ নম্বর খতিয়ানের ১০৭২১ মার্কেট, নবাব ইউসুফ মার্কেটের ৫ নম্বর ভবন, পলাশী আজিমপুর রোড সাইড মার্কেট, বলদা গার্ডেন সংলগ্ন ১৩ নম্বর খতিয়ানের ১০৭২১ নম্বর দাগ/সিএম মৌজার ২১৪-২১৫ নম্বর দাগের ১৯৮০ বর্গফুট জায়গার দোকান এবং ওসমানী উদ্যানের উত্তর-পূর্ব কোণে ডিএসসিসির জায়গার বরাদ্দকৃত দোকানগুলোর বরাদ্দ দেওয়ার লক্ষ্যে গঠিত কমিটির সদস্যদের নাম, পদবিসহ ঠিকানা।
এ ছাড়া এসব দোকান বরাদ্দ কমিটির সভা, সভার কার্যবিবরণী, পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি, সিএস (তুলনা বিবরণী) ও বরাদ্দপত্র এবং বরাদ্দ অনুমোদন সংশ্লিষ্ট নথির নোট শিটসহ পত্রাংশের সত্যায়িত ফটোকপি দুদককে দিতে বলা হয়েছে।