ডিএসসিসির ১৬ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৬ জন কর ও উপ-কর কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে এঁদের সাময়িক বরখাস্ত করা হয়। মেয়র সাঈদ খোকন গতকাল বুধবার বিকেলে এ-সংক্রান্ত আদেশ জারি করেন।
বরখাস্ত হওয়া কর কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আশরাফুজ্জামান হাওলাদার, জুনায়েদ আমীন, শাহজাহান আলী, সুমনা ইয়াসমিন ও ইকবাল আহমেদ। উপ কর-কর্মকর্তা মো. সাজাহান, মনিরুজ্জামান, জসিমউদ্দিন, বাতেন চৌধুরী, জায়ীদ হোসেন, মোশরফ হোসেন, মিজানুর রহমান, মো. এদনান, মো. মেজবাহ, হেদায়েত উল্লাহ ও মাহেদুল হককেও সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
ডিএসসিসি সূত্র থেকে জানা যায়, বরখাস্ত হওয়া কর কর্মকর্তারা নানা ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিকভাবে এই কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অনিয়মের সত্যতা খুঁজে পাওয়ায় তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।