ডিগ্রি ঢেকে কাজ করছেন ৩৫ অবেদনবিদ
সরকারি হাসপাতালগুলোয় চাকরিরত ৩৫ জন অবেদনবিদের (অ্যানেস্থিথিস্ট) কোনো খোঁজ নেই। ডিগ্রি গোপন করে স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি হাসপাতালে কাজ করছেন এসব চিকিৎসক। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে উপস্থাপিত তথ্যে চিকিৎসকদের ডিগ্রি গোপন করার বিষয়টি উঠে আসে।
অবেদনবিদ (অস্ত্রোপচারের সময় রোগীকে সংজ্ঞাহীন করেন যে চিকিৎসক) হওয়ার জন্য এসব চিকিৎসক কর্মস্থল থেকে ছুটি ও সরকারের কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু ডিগ্রি নেওয়ার পর তা গোপন করেছেন। সংশ্লিষ্ট দপ্তরে তাঁরা এ ব্যাপারে তথ্য দেননি। এতে দেশে অবেদনবিদের তীব্র সংকট থাকলেও এসব চিকিৎসককে এই পদে নিয়োগ দেওয়া যায়নি। এঁরা আগের মতো চিকিৎসা কর্মকর্তাসহ অন্যান্য পদে কর্মরত।
ডিগ্রি গোপন করার কারণ সম্পর্কে নাম প্রকাশ না করে কয়েকজন চিকিৎসক বলেন, সরকারি হাসপাতালে অবেদনবিদ কম থাকায় কাজের প্রচণ্ড চাপ পড়ে। এ কারণে তাঁরা এই ডিগ্রিটি গোপন করেছেন। খোঁজ নিয়ে দেখা গেছে, ডিগ্রি গোপন করা কয়েকজন অবেদনবিদ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ঠিকই কাজ করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খোদ অধিদপ্তরেই ডিগ্রি গোপন করে সহকারী পরিচালক পদে একজন এবং ওএসডি হিসেবে ছয়জন অবেদনবিদ আছেন। এর বাইরে ছয়জন অবেদনবিদ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, দুজন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ও পুনর্বাসন প্রতিষ্ঠানে, একজন জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে, পাঁচজন ঢাকা স্যার সলিমুল্লাহ, খুলনা ও চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং ১৫ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিগ্রি গোপন রেখে কাজ করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক এহতেশামুল হক চৌধুরী অধিদপ্তরেই ডিগ্রিধারী ছয় অবেদনবিদের ওএসডি হিসেবে থাকার খবরে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, যেসব হাসপাতালে অবেদনবিদ প্রয়োজন, ডিগ্রিধারী অবেদনবিদদের দ্রুত এসব হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত আছে।
সূত্র জানায়, দেশে ১ হাজার ১৭৮টি পদের বিপরীতে অবেদনবিদ্যার ডিগ্রিধারী চিকিৎসক আছেন মাত্র ১৪০ জন। অবেদনবিদদের কাজটি শল্যচিকিৎসকদের কাজের ওপর নির্ভরশীল। মেডিসিন ছাড়া বাকি প্রতিটি বিষয়েই অস্ত্রোপচার দরকার। প্রতিটি বিভাগে চিকিৎসকের পদ সৃষ্টি হলেও অবেদনবিদের পদ সেভাবে বাড়েনি। আয়-রোজগারও শল্যচিকিৎসকদের তুলনায় অনেক কম হওয়ায় চিকিৎসকেরা এ বিষয়ে ডিগ্রি অর্জনে আগ্রহী নন। অল্পসংখ্যক অবেদনবিদের ওপর চাপ অনেক বেশি। এই প্রেক্ষাপটেই দেশজুড়ে অবেদনবিদের সংকট মোকাবিলায় করণীয় ঠিক করতে গত ডিসেম্বরে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বৈঠক ডাকে।
নাম প্রকাশ না করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘নিয়ম অনুযায়ী এমবিবিএসের পর চিকিৎসকদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের তথ্য নিয়মিত আপডেট করার কথা। ৩৫ জন চিকিৎসক অবেদনবিদের ডিগ্রি আপডেট করেননি।’ তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোয় অবেদনবিদের সংকট তীব্র। অল্প যে কজন অবেদনবিদ আছেন, তাঁদের প্রচুর কাজ করতে হয়। অনেকেই দায়িত্ব এড়াতে ডিগ্রি গোপন করেছেন। তবে তাঁরা বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অবেদনবিদ হিসেবে কাজ করছেন।
ডিগ্রি গোপন করেছেন—এমন একজন চিকিৎসক টাঙ্গাইল সিভিল সার্জন অফিসে চিকিৎসা কর্মকর্তা হিসেবে আছেন। প্রথম আলোকে তিনি বলেন, চিকিৎসা কর্মকর্তাদের অবেদন করার কাজটি করতে হয় না। তাই তিনি করেন না। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজে ছিলেন। তখনো তিনি অবেদনবিদের কোনো কাজ করেননি।
আবার ডিগ্রির বিষয়টি উল্লেখ করেননি—এমন একজন অবেদনবিদ নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অবেদনবিদ কম, এটা যেমন সত্য, তেমনি তাঁদের কাজেও লাগানো হয় না।’
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, দেশে অবেদনবিদের সংকট কাটানোর চেষ্টা চলছে। পদ সৃষ্টি করে ও যাঁরা অবসরে গেছেন তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বা সম্মানী দিয়ে কাজে লাগানোর চেষ্টা চলছে।