ডিগ্রি পরীক্ষায় নকল, দুই জেলায় বহিষ্কার ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নাতক (পাস) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আজ রোববার দুই জেলায় ২২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১৫ ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করে উপজেলা প্রশাসন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নেত্রকোনা: আজ পরীক্ষা চলাকালে কেন্দুয়া ডিগ্রি কলেজের পরীক্ষাকেন্দ্র জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম। তিনি বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
কেন্দ্র সূত্রে জানা গেছে, প্রথম দিনের ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষায় ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৮০ জন। এর মধ্যে ১০ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হন ১৫ জন পরীক্ষার্থী।
ইউএনও মুহাম্মদ মুতাসিমুল ইসলাম বলেন, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিতে প্রশাসন দৃঢ় সংকল্পবদ্ধ।
দিনাজপুর: নবাবগঞ্জ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন ইউএনও বজলুর রশীদ।
বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় অসদুপায় অবলম্বনের দায়ে সাতজন পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করার পর বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ডিগ্রি কলেজের পরীক্ষার্থী।