ডিজাইনার খুনের ঘটনায় গ্রেপ্তার নেই
পল্লবীতে এমব্রয়ডারি ডিজাইনার সাইফুল ইসলাম (২২) হত্যাকাণ্ডে জড়িত দুই যুবক গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গ্রেপ্তার হননি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গত বুধবার সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের ই ব্লকে (পল্লবী থানাধীন) অজ্ঞাত দুই যুবক সাইফুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, সাইফুল পরিবারের সঙ্গে মিরপুর ১১ নম্বর সেকশনের মিল্লাত নামের একটি বিহারি ক্যাম্পে থাকতেন ও স্থানীয় একটি কারখানার এমব্রয়ডারি ডিজাইনারের কাজ করতেন। তাঁর বাবা শামসুদ্দিন আহমেদ মিরপুর ১২ নম্বর সেকশনের ই ব্লকের রাস্তায় ভ্যানে করে সবজি বিক্রি করেন। বুধবার সন্ধ্যায় সাইফুল তাঁর বাবার সবজির দোকানে যান। এ সময় দুই যুবক এসে প্রথমে সাইফুলের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে তাঁরা সাইফুলের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনাটি সাইফুলের বাবার সামনেই ঘটে। সাইফুলের বাবা ওই দুই যুবককে ধরার জন্য ধাওয়া করেছিলেন, কিন্তু ধরতে পারেননি।
পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে চিহ্নিত করা হয়েছে। তবে তাঁদের গ্রেপ্তার করা যায়নি। তিনি বলেন, জড়িত ব্যক্তিরা সাইফুলের পূর্বপরিচিত। কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীঘটিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মইনুল কবির বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল সাইফুলের লাশ তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা। দাফন শেষে তাঁরা ফিরলে এ ব্যাপারে মামলা হবে।