লক্ষ্মীপুরের রায়পুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মাহফুজুর রহমানকে গতকাল বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গত বুধবার লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপককে (জিএম) নির্দেশ দেয়।
৯ অক্টোবর রাতে বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ লোকজন রায়পুরে পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। পুড়িয়ে দেওয়া হয় কার্যালয়ের পিকআপ ভ্যানসহ সাতটি গাড়ি।
সহিংস ওই ঘটনায় সরকারের পক্ষ থেকেও উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রায়পুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমীন আক্তার গতকাল বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন) মো. মাহবুব-উল আলমকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তাঁরা শিগগিরই কাজ শুরু করবেন।
এর আগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক শাহনেওয়াজ খানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শিবু লাল বসু বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষের নির্দেশে রায়পুরের ডিজিএমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে গতকালই রামগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম বেলায়েত হোসেনকে রায়পুর কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি গতকাল দায়িত্ব বুঝে নেন।