ডিজিটাল আড্ডায় নানা অভিযোগ
গত বুধবার বেলা তিনটা। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শতাধিক মানুষ। সবাই জেলা প্রশাসনের ফেসবুক পেজের ইউজার। আরও আছেন জেলার বিআরটিএ, পাসপোর্ট, মাদক নিয়ন্ত্রণ ও সিভিল সার্জন কার্যালয়ের প্রধানেরা। পুরো সম্মেলনকক্ষটি ভিডিও-সংযোগের মাধ্যমে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত। সেখানে ক্যামেরার সামনে বসা তিনজন সচিব।
এমনই এক ডিজিটাল আড্ডায় ওই ফেসবুক পেজের ইউজাররা নানা সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। এর জবাবও দেন কর্মকর্তারা। কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন আড্ডার আয়োজন করেন। কুষ্টিয়া জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রায় সাড়ে পাঁচ হাজার ইউজার রয়েছেন।
রফিকুল আমিন নামের এক ইউজার অভিযোগ করেন, কুষ্টিয়া পাসপোর্ট কার্যালয়ে দালাল চক্রের কাছে সাধারণ মানুষ জিম্মি। টাকা ছাড়া কোনো কাজ হয় না। সেখানকার কম্পিউটারগুলো প্রায়ই নষ্ট থাকে। কর্মকর্তারা আবেদনকারীদের সঙ্গে খারাপ আচরণ করেন। আরেকজন বলেন, পাসপোর্টের তদন্তে আসা পুলিশ টাকা নিয়ে থাকে। এর জবাবে পাসপোর্ট কার্যালয়ের উপসহকারী পরিচালক রুস্তম আলী বলেন, কম্পিউটারের সমস্যা সমাধানের জন্য দক্ষ লোক নেই। এ ছাড়া কর্মকর্তাও কম। তাই সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
টাকা নেওয়ার ব্যাপারে পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, এমন অভিযোগ রয়েছে। আর যেন না হয়, সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিআরটিএ কার্যালয়ের হয়রানির চিত্র তুলে ধরা হলে সংশ্লিষ্ট কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, তিনি সম্প্রতি যোগ দিয়েছেন। তবে ফেসবুক পেজে নজরদারি থাকলে এবং হয়রানির বিষয়গুলো জেনে গেলে কোনো কর্মকর্তা সুবিধা করতে পারবেন না। আরও নানা ঝামেলা আছে, সেগুলো দ্রুত ঠিক করা হচ্ছে।
হাসপাতালে নানা অনিয়ম ও ভোগান্তির বিষয়ে দুজন ইউজার অভিযোগ করেন। জবাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আজিজুন নাহার বলেন, হাসপাতালে গুরুত্বপূর্ণ ১০ জন চিকিৎসক নেই। রোগীর চাপও বেশি। তাই ঠিকমতো সেবা দেওয়া সম্ভব হয় না।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে এসব দপ্তরের বেশ কিছু অসংগতি তুলে ধরেন। তিনিও ইউজারদের অভিযোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি ফেসবুক পেজের মাধ্যমে প্রতিদিন এ রকম বহু অভিযোগ পান বলে জানান।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুখ্য সচিব আবুল কালাম আজাদ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) নজরুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, বাগেরহাট থেকে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, টাঙ্গাইল ও বরিশাল থেকে জেলা প্রশাসকেরা যুক্ত হয়েছিলেন।
সচিবেরা প্রত্যন্ত অঞ্চলের নানা দুর্ভোগ, সমস্যা ও বিভিন্ন দপ্তরের দুর্নীতির তথ্য জেলা প্রশাসনের ফেসবুক পেজে আরও বেশি বেশি করে তুলে ধরার আহ্বান জানান।
আবুল কালাম আজাদ বলেন, এ রকম আড্ডা অন্যান্য জেলায় ছড়িয়ে পড়লে বিভিন্ন দপ্তরের ভোগান্তি সম্পর্কে জানা যাবে। এগুলো দূর হবে। দেশ এগিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে।