ডিটারজেন্টে 'উজ্জ্বল' বাগানের জলপাই

গাছ থেকে জলপাই পেড়ে বাগানেই স্তূপ করে রাখা হচ্ছে। এসব জলপাইয়ে ছিটানো হচ্ছে ডিটারজেন্ট পাউডার (সার্ফ এক্সেল)। পরে জলপাইয়ের স্তূপে ছিটানো হচ্ছে নদীর দূষিত পানি। এরপর পা দিয়ে জলপাই স্তূপে দলাই-মলাই করা হচ্ছে কিছুক্ষণ। মুহূর্তেই স্তূপের জলপাই ‘ঝকঝকে উজ্জ্বল’ সবুজ হচ্ছে।
ভালো পানিতে না ধুয়েই এসব জলপাই বস্তায় ভরে বাগান থেকে সরাসরি নেওয়া হচ্ছে রাজধানী ঢাকার পাইকারি বাজারে। ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে এভাবেই জলপাইয়ের রং বদলানো হচ্ছে বগুড়ার শেরপুর ও শাজাহানপুর উপজেলার জলপাইবাগানে।
তবে জলপাই ব্যবসায়ীরা জানান, ক্রেতাদের আকর্ষণ করতেই ডিটারজেন্ট পাউডার দিয়ে জলপাই ধুয়ে তা উজ্জ্বল করা হচ্ছে।
গত মঙ্গলবার শাজাহানপুর ও শেরপুরের প্রত্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে, এবার প্রচুর জলপাইয়ের ফলন হয়েছে।
এ সময় বাগানের মালিকেরা জানান, এবার ফলন ও দাম দুটোই ভালো। বাগান থেকে প্রতি মণ জলপাই আকারভেদে আট থেকে নয় শ টাকা দরে বিক্রি হচ্ছে। বগুড়ার বাগান থেকে সরাসরি জলপাই যাচ্ছে রাজধানী ঢাকার কারওয়ান বাজারসহ পাইকারি বাজারে।
দুপুরে শেরপুর পিল্ল উন্নয়ন একাডেমি থেকে পূর্বদিকে প্রায় চার কিলোমিটার গিয়ে রামনগর গ্রামের পাশে করতোয়া নদীর তীরে চোখে পড়ল একটি জলপাইবাগান। এ জলপাইবাগান সাতআনা বাড়ি বাগান নামে পরিচিত। এবার বাগানের ১৬টি গাছে প্রচুর জলপাই ধরেছে। বাগানের মালিকের কাছ থেকে সব জলপাই কিনে নিয়েছেন আবদুর রহিম নামে এক ব্যবসায়ী। বাগানের ভেতরে দেখা গেল, গাছ থেকে তিন-চারজন শ্রমিক জলপাই পেড়ে মাঝখানে ধুলাবালির ওপর স্তূপ করে রাখছেন।
একজন শ্রমিক মুঠোভর্তি সার্ফ এক্সেল পাউডার জলপাইয়ের স্তূপে ছিটিয়ে দিচ্ছেন। আরেকজন পাশের করতোয়া নদী থেকে বালতিতে করে অপরিষ্কার পানি এনে স্তূপের ওপর ছিটিয়ে দিচ্ছেন। আর আবদুর রহিম নিজেই পা দিয়ে জলপাইয়ের স্তূপে দলাই-মলাই করছেন। মুহূর্তের মধ্যে জলপাই ‘ঝকঝকে উজ্জ্বল’ হচ্ছে। পরে এসব জলপাই পরিষ্কার পানিতে না ধুয়েই বস্তায় ভরা হচ্ছে।
আবদুর রহিম বলেন, ‘সাড়ে ছয় হাজার টাকায় বাগানের সব জলপাই কিনেছি। ঢাকার কারওয়ান বাজারে নিয়ে এক হাজার টাকা মণ দরে বিক্রি করছি।’ তবে ডিটারজেন্ট মেশানোর ব্যাপারে তিনি বলেন, ‘গাছে ঝুলে থাকা জলপাইয়ে ধুলাবালিতে একধরনের মেস্তা ধরে। গাছ থেকে সরাসরি এ জলপাই বাজারে নিলে রং দেখে কেউ কিনতে চাইবে না। ক্রেতাও মিলবে না। ক্রেতাদের আকর্ষণের জন্য সার্ফ এক্সেল ছিটিয়ে চকচকে করা হচ্ছে। এতে ফলের উজ্জ্বলতাও বাড়ছে, ময়লাও পরিষ্কার হচ্ছে।’
জলাবদ্ধ নদীর দূষিত পানিতে জলপাই পরিষ্কার প্রসঙ্গে আবদুর রহিম বলেন,‘আশেপাশে পুকুর-টিউবওয়েল নেই। তাই নদীর পানি এনে ছিটাচ্ছি।’
ডিটারজেন্ট পাউডার মিশিয়ে জলপাইয়ের রং বদলানোর এ কৌশল চোখে পড়ল পাশের আরও কয়েকটি বাগানে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ডিটারজেন্ট মেশানো ফল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে না ধোয়া হলে তা মানবদেহের জন্য ক্ষতির কারণ হতে পারে। তবে পানিতে ভালো করে ধুয়ে খেলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।