ডিপিডিসির প্রকৌশলী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডিপিডিসি) একজন উপবিভাগীয় প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই প্রকৌশলীর নাম অরুণ কান্তি দে। গত মঙ্গলবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে বিদ্যুৎ চুরির অভিযোগে সাতটি প্রতিষ্ঠান ও ভবন মালিককে কোটি টাকা জরিমানা করেছে ডিপিডিসি।
ডিপিডিসি সূত্র জানায়, প্রকৌশলী অরুণ কান্তি দে বংশালে কয়েকটি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে বিদ্যুৎ চুরির সুযোগ করে দিয়েছিলেন। একই সঙ্গে বৈধ বিদ্যুৎ সংযোগকে পাশ কাটিয়ে (বাইপাস) অবৈধ সংযোগ নিতে সাহায্য করেছিলেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে বংশালের নুরুল আমিন বিদ্যুৎ চুরি ও বিল বাকি রেখে গেলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এসব কারণে টাস্কফোর্স থেকে তাঁকে বরখাস্তের সুপারিশ করা হয়েছিল।
ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, দণ্ড পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে লালবাগের প্লাস্টিক কারখানার মালিক মো. বাদলকে ২৬ লাখ টাকা, বংশালের নুরুল আমিনকে ৪০ লাখ, বনশ্রীর জাহাঙ্গীর আলমকে ২ লাখ ৬৮ হাজার, লালবাগের প্লাস্টিক সমিতির নেতা আলী আহমেদকে ১০ লাখ, এ কে কোলী প্রিন্টিং প্রেসকে ৭ লাখ, হামিদুল্লাহ হামিদকে ৩ লাখ ৩৮ হাজার, স্বামীবাগের আল-নূর এমব্রয়ডারি কারখানাকে ৯ লাখ ৩০ হাজার এবং নবাব ইউসুফ মার্কেটকে ৪ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বংশালের তিনটি ভবনের মালিক নুরুল আমিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।