ডিপিডিসির বিরুদ্ধে বেশি টাকা নেওয়ার অভিযোগ
শ্যামপুর থানায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে লোডের নামে অতিরিক্ত টাকা আদায় করেছে বলে অভিযোগ করেছে ডিপিডিসি বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা পরিষদ নামের একটি সংগঠন।
গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পরিষদ এই অভিযোগ করে। তবে কর্তৃপক্ষ বলছে অভিযোগ ঠিক নয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলের সঙ্গে প্রত্যেক গ্রাহককে ডিপিডিসি ইচ্ছে মতো দ্বিগুণ বিল নির্ধারণ করে ৩০ অক্টোবরের মধ্যে ডিপিডিসির নিজস্ব অ্যাকাউন্টের শ্যামপুর শাখায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
সংবাদ সম্মেলনে একটি বিলের কাগজ দেখানো হয়। অভিযোগ করা হয়, একটি মিটারের বিল সেপ্টেম্বর মাসে ২ হাজার ২৫০ টাকা আসে। ওই বিলের সঙ্গে লোড হিসেবে সমপরিমাণ টাকা দিতে বলা হয়েছে। সংগঠনের সদস্যরা বলেন, এভাবে বিল বাড়ানোর কথা তাঁদের আগে থেকে জানানো হয়নি। তাঁরা এই অতিরিক্ত বিল দেখে হতবাক। এ বিষয়ে তাঁরা শ্যামপুরের নির্বাহী প্রকৌশলী রকিবুল হাসানের সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে চারটি দাবি জানায় সংগঠনটি। দাবিগুলো হচ্ছে, আদায় করা টাকা ফেরত দেওয়া ও হয়রানি বন্ধ করা। রকিবুল হাসানকে শ্যামপুর থেকে প্রত্যাহার এবং গ্রাহকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা। এসব দাবি না মানলে ১৩ নভেম্বর সকাল ১০টায় শ্যামপুরের ডিপিডিসি কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে স্বার্থরক্ষা পরিষদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান, মোক্তার হোসেন, ডি এম হাসান হাবিব, নুরুল ইসলাম প্রমুখ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শ্যামপুরের নির্বাহী প্রকৌশলী রকিবুল হাসান বলেন, বিল বেশি নেওয়ার অভিযোগ ঠিক নয়। তিনি বলেন, এই টাকা ফেরতযোগ্য তাই আলাদা অ্যাকাউন্টে নেওয়া হচ্ছে। এ ছাড়া কোনো গ্রাহক যদি বেশি বিল নেওয়ার অভিযোগ করেন, তাহলে তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।