ডিবি পরিচয়ে অপহরণ পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেওয়া এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নুরুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধকে দুই লাখ টাকাসহ অপরহণের সময় ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর সহযোগীরা টাকা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওই যুবকের নাম মিন্টু ব্যাপারী (৩৮)। তিনি বরিশালের মুলাদি উপজেলার সগিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের মালপাড়া এলাকায় গতকাল রোববার নুরুল ইসলাম ইসলামী ব্যাংক শাখা থেকে দুই লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন। দুপুর ১২টার দিকে নুরুল ইসলাম জেলা বিএনপি কার্যালয়ের সামনে এলে একটি মাইক্রোবাস তাঁর সামনে দাঁড়ায়। এ সময় মাইক্রোবাসের ভেতর থেকে পাঁচ-ছয়জন যুবক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। তারা সবাই ডিবি লেখা পোশাকে ছিল। তাদের হাতে ওয়াকিটকিও ছিল। নুরুল ইসলামকে নিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন মাইক্রোবাসের নম্বর সংগ্রহ করে মুন্সিগঞ্জ সদর থানা-পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ তাৎক্ষণিকভাবে ওয়ারলেসে গোটা জেলায় বার্তা ছড়িয়ে দেয়। এর কিছুক্ষণ পরই সিপাহীপাড়া চৌরাস্তায় ট্রাফিক পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে। এ সময় মাইক্রোবাসের ভেতরে থাকা কয়েকজন পালিয়ে গেলেও মিন্টুকে আটক করা হয়।
এ সময় মিন্টুর কাছে থাকা একটি ওয়াকিটকি ও ডিবি পুলিশ লেখা এমন দুটি কটি উদ্ধার করা হয়। মাইক্রোবাসটি মুন্সিগঞ্জ থানায় রাখা হয়েছে। ছিনতাইকারীরা নুরল ইসলামকে মারধর করায় প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মুন্সিগঞ্জ সদর থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় নুরুল ইসলাম মামলা করেছেন। মিন্টুকে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।