ডিবি পরিচয়ে অপহরণকালে আটক ৩
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে এক ব্যক্তিকে অপহরণকালে তিনজনকে আটক করেছে খিলগাঁও থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে খিলগাঁওয়ের আনসার সদর দপ্তরের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলো আবুল হাসেম ব্যাপারী, মোমেন ও আবুল কাশেম। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক হওয়া ব্যক্তিরা ভুয়া ডিবি সদস্য। তাদের কাছ থেকে বেতের তিনটি লাঠি, ডিবি লেখাসংবলিত তিনটি জ্যাকেট, একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
খিলগাঁও থানার পুলিশ বলেছে, বিকেলে কয়েকজন ভুয়া ডিবি খলিলুর রহমান নামে এক ব্যক্তিকে কমলাপুর থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে আনসার সদর দপ্তরের দিকে যেতে থাকে। এ সময় খলিলুর রহমানের চিৎকারে সেখানে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট রফিক মোটরসাইকেলযোগে মাইক্রোবাসটি অনুসরণ করেন এবং খিলগাঁও থানাকে বিষয়টি জানান। খিলগাঁও থানার পুলিশ আনসার সদর দপ্তরের সামনে অবস্থান নেয়। সেখানে প্রতিবন্ধকতা তৈরি করে মাইক্রোবাসটি আটক করা হয়। পুলিশ মাইক্রোবাসে থাকা তিন অপহরণকারীকে আটক করে খলিলুর রহমানসহ সবাইকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তিন অপহরণকারীর বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে।