ডিবি পরিচয়ে অপহরণ-চেষ্টা, জনতার প্রতিরোধ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে চট্টগ্রামের ভাটিয়ারীর এক ব্যবসায়ীকে অপহরণের সময় স্থানীয় জনতা অপহরণকারীদের গাড়ির গতিরোধ করে। এ সময় জনতার পিটুনিতে এক অপহরণকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। এ সময় একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবির হাট এলাকায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
অপহরণ থেকে বেঁচে যাওয়া ব্যবসায়ী জহির উদ্দিনের বাড়ি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায়। তাঁর খালাতো ভাই জহিরুল আলম প্রথম আলোকে জানান, জহির বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের অলংকার মোড়ের একটি ব্যাংক থেকে দেড় লাখ টাকা তুলে সিএনজিচালিত অটোরিকশাযোগে ভাটিয়ারীর দিকে যাচ্ছিলেন। এ সময় ছয়জন অপহরণকারী একটি মাইক্রোবাসে করে অটোরিকশাটির পিছু নেয়। ফৌজদারহাট মসজিদ এলাকায় পৌঁছালে অপহরণকারীরা অটোরিকশাটির গতিরোধ করে ডিবি পরিচয় দেন। এরপর জহিরকে হাতকড়া পরিয়ে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তোলেন। আশপাশের লোকজন বিষয়টি দেখে ফেলে। একজন প্রত্যক্ষদর্শী মাইক্রোবাসের পিছু নিয়ে নিজের মুঠোফোনে বিষয়টি পরিচিতদের জানিয়ে দেন। ভাটিয়ারী এলাকায় যানজট থাকায় মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবির হাট পর্যন্ত যেতে পারে। এরই মধ্যে লোকজন জড়ো হয়ে মাইক্রোবাসটির গতিরোধ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনতার গতিরোধের বিষয়টি টের পেয়ে দুজন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। বাকি চার অপহরণকারীকে নামিয়ে গণপিটুনি দেয় জনতা। এতে গুরুতর আহত হন তাঁরা। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যা ছয়টার দিকে তোফাজ্জল হোসেন নামের একজন অপহরণকারী মারা যান।
তোফাজ্জলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া। আহত ব্যক্তিরা হলেন অপহরণ থেকে বেঁচে যাওয়া ব্যবসায়ী জহির উদ্দিন, অপহরণকারী বেলায়েত হোসেন ও গাড়িচালক এনামুল হক। গুরুতর আহত আরেক অপহরণকারীর নাম জানা যায়নি।
পুলিশের ভাষ্য, অপহরণে জড়িত ব্যক্তিরা পেশাদার অপহরণকারী। তাঁরা ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে মাইক্রোবাসটিতে তুলে ঢাকার দিকে যাচ্ছিলেন।
সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, গাড়িটি পুড়ে যাওয়ায় কোনো ধরনের কাগজপত্র উদ্ধার করা যায়নি। চালক এনামুলের উদ্ধৃতি দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, এনামুলসহ ছয় অপহরণকারী গত সোমবার ঢাকা থেকে চট্টগ্রামে এসে একটি আবাসিক হোটেলে রাত কাটান। সকালে আরও তিনটি অটোরিকশাকে টার্গেট করেও সফল হতে পারেননি তাঁরা।
ব্যবসায়ী জহিরকে নগরের এ কে খান মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপহরণ ও গণপিটুনিতে একজনের নিহত হওয়ার ঘটনায় সীতাকুণ্ড থানায় দুটি মামলার প্রক্রিয়া চলছে।