ডিবি পরিচয়ে অপহৃত আবাসন ব্যবসায়ীকে রূপগঞ্জ থেকে উদ্ধার
রাজধানীর লালমাটিয়া থেকে ডিবি পরিচয়ে অপহরণের ১০ ঘণ্টা পর আবাসন ব্যবসায়ী ইতেমাদ হোসেনকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত একটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে উদ্ধার করে। তিনি বর্তমানে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন।
ব্যবসায়ী ইতেমাদের পারিবারিক সূত্র জানায়, ইতেমাদ পল্লবীর ডিওএইচএসে থাকেন। গত মঙ্গলবার বেলা তিনটার দিকে তিনি গাড়িতে লালমাটিয়ায় তাঁর ভাইয়ের বাসার সামনে নামেন। এ সময় একটি হাইয়েস মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে আসা ১০ ব্যক্তি ডিবি পরিচয়ে তাঁকে গাড়িতে তুলে নেয়।
সিটি হাসপাতালে চিকিৎসাধীন ইতেমাদ হোসেন প্রথম আলোকে বলেন, তাঁকে অস্ত্র ঠেকিয়ে মারধর করে গাড়িতে তোলা হয়। এরপর তাঁর দুই হাতে হাতকড়া পরানো হয়। অপহরণকারীরা তাঁর দুই পা, মুখ ও চোখ গামছা দিয়ে বেঁধে ফেলে। অবশ্য ১৫-২০ মিনিট পর তাঁর চোখ খুলে দেওয়া হয়। গাড়িটি বিভিন্ন সড়ক ঘুরতে থাকে। অপহরণকারীরা দীর্ঘক্ষণ গাড়ি থামিয়ে একটি ফ্ল্যাট তাদের নামে লিখে দিতে বলে এবং তাঁর কাছে নগদ ৫০ লাখ টাকা দাবি করে। তিনি তাদের কথায় রাজি না হওয়ায় তাঁকে লাঠিপেটা করা হয়। এতে তাঁর বাম হাত ভেঙে যায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। একপর্যায়ে গাড়িটি রূপগঞ্জের ৩০০ ফুট রাস্তার দিকে যাওয়ার সময় অপহরণকারীরা তাঁকে (ইতেমাদ) গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। এরপর তাঁর হাতকড়া খুলে দেওয়া হয়। এ সময় তিনি মাইক্রোবাস থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ নিয়ে তাদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। এ পর্যায়ে গাড়ির দরজা খুলে গেলে চলন্ত গাড়ি থেকে তিনি গড়িয়ে রাস্তায় পড়ে যান। তখন অপহরণকারীরা গাড়ি না থামিয়েই চলে যায়। এ সময় ডিবি পুলিশের একটি দল ওই এলাকা অতিক্রম করার সময় তাঁকে পড়ে থাকতে দেখতে পায়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসে ডিবি।
ইতেমাদ দাবি করেন, পারিবারিক বিরোধের জের ধরে এ অপহরণের ঘটনা ঘটতে পারে।
আবাসন ব্যবসায়ীকে উদ্ধারকারী ডিবির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে একটি অভিযান শেষে ঢাকায় ফেরার পথে রূপগঞ্জের কাঞ্চন সেতু এলাকায় রাস্তার পাশে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তিনি হাত নেড়ে সাহায্য চাইছিলেন। পরে তাঁকে উদ্ধার করা হয়।
অপহৃত কিশোরী উদ্ধার: গাজীপুরের জয়দেবপুর থেকে অপহরণের আট দিন পর গত সোমবার মধ্যরাতে অপহৃত এক কিশোরীকে রাজধানীর পল্লবীর কালশী বাজার থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মোসলেমউদ্দিন ও জুয়েল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১-এর পরিচালক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ প্রথম আলোকে বলেন, অপহৃত কিশোরীর বোন র্যাব-১-এর কাছে লিখিত অভিযোগ করার পর তাকে উদ্ধার করা হয়।