ডিবি পরিচয়ে তিন লাখ টাকা ছিনতাই
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস থেকে গত বুধবার সকালে আশরাফ খান নামে এক ব্যবসায়ীকে ধরে নিয়ে তিন লাখ ১২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকার একটি জঙ্গলের পাশে আহত অবস্থায় ওই দিন বিকেলে তাঁকে উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তিন ব্যক্তি আশরাফ খানকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
ওই ব্যবসায়ী কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার আরফান খানের ছেলে। তাঁর একটি ইটভাটা রয়েছে।
প্রত্যক্ষদর্শী বাসযাত্রী ও আহত ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ব্যবসার কাজে বুধবার সকালে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার যমুনা ব্যাংক থেকে তিন লাখ টাকা তোলেন। সেখান থেকে বনশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী একটি বাসযোগে কালিয়াকৈরে যাচ্ছিলেন। উপজেলার লতিফপুর টিঅ্যান্ডটি মোড় এলাকায় পৌঁছলে খয়েরি রঙের একটি প্রাইভেট কার বাসের গতিরোধ করে। পরে ডিবি পুলিশের পোশাক পরা তিন ব্যক্তি ওই বাসে উঠে ডিবি পরিচয় দিয়ে আশরাফ খানকে সন্ত্রাসী ও তাঁর নামে মামলা আছে বলে জানিয়ে হাতকড়া পরিয়ে বাস থেকে নামিয়ে প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। পরে তাঁকে মারধর করে ব্যাংক থেকে তোলা তিন লাখ ও তাঁর সঙ্গে থাকা আরও ১২ হাজার টাকা, মুঠোফোন ও চেকবই নিয়ে যায়। পরে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকায় জঙ্গলের পাশে আহত অবস্থায় তাঁকে ফেলে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক মাসুদ আলম জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।