রূপনগরে উদ্ধার গুলিবিদ্ধ লাশটি ছাত্রদল নেতার
ডিবি পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ, পুলিশের অস্বীকার
রাজধানীর রূপনগর থেকে গত বৃহস্পতিবার রাতে বুকে-পিঠে-পেটে ১০টি গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা লাশটি আরিফুল ইসলামের (২৩)। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।
অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছিল পুলিশ। গতকাল সোমবার সকালে মর্গে গিয়ে লাশটি আরিফুলের বলে শনাক্ত করেন তাঁর মামা তাওহিদুল ইসলাম। স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় সদরঘাটে ভোলার চরফ্যাশনগামী কর্ণফুলী-৪ লঞ্চ থেকে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে আরিফুলকে ধরে নিয়ে যায়। এরপর স্বজনেরা অনেক খুঁজেও তাঁর সন্ধান পাননি। এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ডিবি কাউকে গ্রেপ্তার করলে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পাঠিয়ে দেয়। তঁাকে ডিবি গ্রেপ্তার করেনি।
প্রথম আলোর ভোলা প্রতিনিধি জানান, আরিফুলের বাবা চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ মোস্তফা কামাল। ছেলের মৃত্যুর খবর শুনে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বিকেলে সাংবাদিকেরা তাঁর বাসায় গেলে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে কর্ণফুলী-৪ লঞ্চের ৪০ নম্বর কেবিনে বাড়ি আসছিলেন আরিফুল। সেখান থেকে ডিবি পরিচয়ধারীরা তাঁকে ধরে নিয়ে যায় ও হত্যা করে।
ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আরিফুল চরফ্যাশন উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। আরিফুল হত্যার নিন্দা জানিয়েছে ছাত্রদল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে রূপনগর থানার গোড়ান চটবাড়ী এলাকায় বেড়িবাঁধ সড়কের ঢাল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়। পরে লাশ মর্গে পাঠানো হয়। সুরতহালে বুকে চারটি, পিঠে চারটি ও পেটে-পিঠে আরও দুটি গুলির জখম ছিল বলে উল্লেখ করা হয়। শনিবার ময়নাতদন্ত শেষে লাশটি মর্গের ফ্রিজে রাখা হয়।
গতকাল সকালে তাওহিদুল ইসলাম লাশটি দেখে তাঁর ভাগনে আরিফুলের বলে শনাক্ত করেন। তাওহিদুল প্রথম আলোকে বলেন, তাঁর চাচাতো বোনের ছেলে আরিফুল। ফার্মগেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলেন। থাকতেনও ওই এলাকায়। তিনি তেজগাঁও থানা ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বৃহস্পতিবার তিনি গোপীবাগে মামার বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে গ্রামের বাড়ি চরফ্যাশনে যাওয়ার জন্য সদরঘাটে গিয়ে লঞ্চে ওঠেন। তাঁর সঙ্গে গ্রামের একজন ছেলে ছিলেন। কিছুক্ষণ পর ডিবি পুলিশ পরিচয়ে একদল সশস্ত্র লোক আরিফুলকে লঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায়। এর পর থেকে তাঁরা বিভিন্ন থানায়, মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আরিফুলকে খুঁজেছেন। কোথাও না পেয়ে অজ্ঞাত লাশের খোঁজ নিতে গতকাল ঢাকা মেডিকেলের মর্গে আরিফুলের লাশ পান।
লাশ শনাক্ত করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ বুঝে নিতে রূপনগর থানায় যান তৌহিদুল। তবে নিকটাত্মীয় না হওয়ায় তাঁর জিম্মায় লাশ দেয়নি পুলিশ।
এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার শামীম হোসেন জানান, বৈধ দাবিদার ছাড়া পুলিশ লাশ দিতে পারে না। ওই লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছে। এখনো হত্যাকাণ্ডের কোনো সূত্র মেলেনি।
আরিফুলের লাশ দেখতে সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁর বেশ কয়েকজন স্বজন, গ্রামের প্রতিবেশী মর্গে যান। তাঁদের একজন বলেন, ‘ওরে ধইরা নিয়া যাওয়ার লগে লগেই আমরা শুনছি। আমরা অনেক জায়গায় খুঁজছিও। তহন মনে মনে ভাবছি, ও তো এমন কোনো বড় সন্ত্রাসী না। ওর আর কী করব। বড়জোর মামলা দিয়া থানায় দিব। আমরা কোর্টের হাজতেও খুঁজছি। কিন্তু ওরে যে মাইরা ফালাইব তা ভাবি নাই।’