ডিবি পরিচয়ে বাসা থেকে দুই ভাইকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানা, হাসপাতাল, ডিবি-র্যা বের কার্যালয় আর আদালত চত্বরে ঘুরে গত তিন দিন কেটেছে হাকিম আলী সরদারের। গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মিরপুরের গোলারটেকের বাসা থেকে ‘ডিবি’ পরিচয় দেওয়া ব্যক্তিরা হাকিমের দুই ছেলে ওমর ফারুক (৩২) ও ফিরোজ মিয়াকে (২৮) ধরে নিয়ে গেছেন। এর পর থেকেই ৫৫ বছরের হাকিম দুই ছেলের খোঁজে এখানে-ওখানে ছুটে বেড়াচ্ছেন।
তবে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ফারুক ও ফিরোজ নামে কাউকে ডিবি সম্প্রতি গ্রেপ্তার করেনি।
দুই ছেলে হারানোর বিষয়ে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার কথা ছিল হাকিমের। তবে শেষ পর্যন্ত সেটি অনুষ্ঠিত হয়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে হাকিম জানান, যাদের নিয়ে সংবাদ সম্মেলনে যাওয়ার কথা ছিল, পরিবারের সেই সদস্যরা তিন দিনের খোঁজাখুঁজিতে অসুস্থ হয়ে পড়েছেন। তাই সংবাদ সম্মেলন করা যায়নি। এ বিষয়ে দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুই ছেলে নিখোঁজের বিষয়ে গত শুক্রবার থানায় একটি জিডি করেছেন হাকিম আলী। পুলিশ খোঁজখবর নিচ্ছে। তবে এখনো কোনো সূত্র মেলেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন নীলক্ষেত সুপার মার্কেটে ‘অগ্রযাত্রা লাইব্রেরি’ নামে একটি বইয়ের দোকান করেন নিখোঁজ দুজন। পরিবারের সদস্যরা জানান, মিরপুরের গোলারটেকে দোতলা একটি বাড়ির নিচতলায় তিন কক্ষের একটি বাসায় ভাড়া থাকে পরিবারটি। পরিবার বলতে, হাকিম ও তাঁর স্ত্রী, তাঁর দুই ছেলে ও তাঁদের স্ত্রী, দুই ছেলের চার সন্তান। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বৃহস্পতিবার রাতে বাসায় ফেরেন দুই ভাই। রাত আড়াইটার দিকে তাঁদের ফ্ল্যাটের দরজায় টোকার শব্দ পান। এ সময় ফিরোজ কে বলে সাড়া দিলে বাইরে থেকে বলা হয়, ‘বাড়িতে আগুন লাগছে, সবাই তাড়াতাড়ি বাইর হন’। এরপর ফিরোজ চীৎকার করে অন্যদের ডেকে তোলেন। তিনি দরজা খোলার পর দুই ব্যক্তি প্রধান ফটকের চাবি চান। তখন ফিরোজ জানান, পেছনের একটি ঘরে বাড়ির তত্ত্বাবধায়ক নজরুলের কাছে প্রধান ফটকের চাবি। ফিরোজ চাবি এনে দিলে প্রধান ফটক খুলে ১০-১২ জন হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়েন। তাঁরা ফারুক আর ফিরোজকে গ্রেপ্তার করতে এসেছেন বলে জানান।
হাকিম আলী জানান, প্রথমে দুই ব্যক্তি দেওয়াল টপকে ফ্ল্যাটের দরজায় টোকা দেন। পরে অন্যরা ঢোকেন। কয়েকজনের পরনে ‘ডিবি’ লেখা জ্যাকেট ছিল। একজনের হাতে বড় রাইফেল দেখেছেন তিনি। হাকিম বলেন, তাঁদের কেন গ্রেপ্তার করা হচ্ছে জানতে চাইলে তাঁরা বলেন, ‘পরে সব জানতে পারবেন।’ এরপর তাঁদের হাত ধরে নিয়ে বাইরে অপেক্ষমাণ সাদা মাইক্রোবাসে তোলা হয়। গ্রেপ্তারের সময় ফিরোজের গায়ে গোল গলা গেঞ্জি-লুঙ্গি আর ফারুকের পরনে স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি ছিল। দুজন তাঁদের মুঠোফোন সঙ্গে নিয়েছিলেন। তবে সেগুলো বন্ধ রয়েছে। তাঁদের মানিব্যাগ, পরিচয়পত্র কিছুই নিতে দেওয়া হয়নি।
হাকিম আলী জানান, এরপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। শুক্রবার সকালে শাহ আলী, দারুস সালাম, মিরপুর, কাফরুল ও পল্লবী থানায় গিয়ে খোঁজাখুঁজি করেন। এরপর যান র্যা ব-৪-এর পাইকপাড়ার কার্যালয়ে। সেখান থেকে জানানো হয়, এই নামে কাউকে ধরেনি র্যা ব। পরিবারের অন্য সদস্যদের ফোন করে বিষয়টি জানিয়ে সাহায্য চান হাকিম। কয়েকজনকে পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে হাসপাতালে খুঁজতে। সোহরাওয়ার্দী, পঙ্গু, ঢাকা মেডিকেল, মিটফোর্ড সব হাসপাতালে খোঁজা হয়। হাকিম নিজে যান মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আর মিন্টো রোডে ডিবির কার্যালয়ে। ছেলে না মেলায় রোববার গিয়ে হাজির হন আদালত চত্বরে। পুলিশ যেসব আসামি ধরে ধরে আদালতে নিয়ে আসছে তাঁদের প্রত্যেকের মাঝে খুঁজে ফেরেন দুই ছেলেকে।
নিখোঁজদের খালাতো ভাই আবদুল জলিল জানান, দুই ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা নেই। কারও সঙ্গে তাঁদের কোনো বিরোধের কথাও কখনো শোনা যায়নি। এখন কী কারণে কারা তাঁদের ধরে নিয়ে গেল তা তাঁরা ধারণা করতে পারছেন না।
হাকিম আলী জানান, আগে তিনি মাছের ব্যবসা করতেন। ছেলেরা সাত-আট বছর ধরে নীলক্ষেতে বইয়ের দোকানে কাজ করত। দুই বছর আগে অনেক কষ্ট করে দুই ছেলে মিলে নিজেদের দোকান দেন। এরপর থেকে বাড়িতে পরিবার সামলানো শুরু করেন হাকিম। দুই ছেলের উপার্জনেই পরিবার চলত। তিন দিন দোকান বন্ধ থাকার কারণেই পরিবারটি আর্থিক অনটনে পড়ে গেছে। পরে কী হবে তা ভাবতে পারেন না হাকিম।