ডিবি পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ
মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে গোয়েন্দা পুলিশের পরিচয়ে একদল দুর্বৃত্ত মোবারক হোসেন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ বুধবার দুপুরে সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে।
মোবারক মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সাধীন। তিনি পেশায় কাঠব্যবসায়ী। তাঁর বাড়ি সদর উপজেলার দীঘি ইউনিয়নের কুটাই গ্রামে।
মোবারক প্রথম আলোকে বলেন, আজ সকালে ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখা থেকে পাঁচ লাখ টাকা তুলে টেম্পোতে করে বাড়ি ফিরছিলেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় একটি গাড়ি ওই টেম্পোটির গতিরোধ করে। এ সময় গাড়িটির ভেতর থেকে সাত-আট যুবক নেমে নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়।
এরপর তারা জোরপূর্বক তাঁকে গাড়িতে তুলে নেয়। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা পার হওয়ার পর দুর্বৃত্তরা তাঁর হাত-পা ও চোখ গামছা দিয়ে বেঁধে তাঁকে রড দিয়ে পেটায় ও ধারালো কিছু দিয়ে তাঁর মাথায় কোপ দেয়। এরপর তাঁর কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে তাঁকে ঢাকার ধামরাই উপজেলার বারবাড়িয়া এলাকায় ফেলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা আবদুর মালেক খান বলেন, ‘মোবারকের মাথায় কোপের দুটি চিহ্ন রয়েছে। শরীরেও রয়েছে লোহার রড দিয়ে আঘাত করার জখম।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কমর্ককর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।