ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় আজ বৃহস্পতিবার গোয়েন্দা পু​লিশ (ডিবি) পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজন হলেন, আবুল কাশেম, আবুল হোসেন ও মো. মমিন। 

খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূসরাত জাহান প্রথম আলোকে বলেন, আজ বিকেল চারটার দিকে খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরের সামনে এক ব্যক্তিকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিন জন। তখন চিৎকার-চেঁচামেচি শুনে টহলরত পুলিশ সেখানে যায়। তাদের সঙ্গে কথা বলার একপর্যায়ে টহল পুলিশ নিশ্চিত হয়, ওই তিনজন ভুয়া ডিবি পরিচয় দিয়ে অপহরণের চেষ্টা করছে। তখন ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের কাছ থেকে ডিবির জ্যাকেট, ওয়াকিটকিসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবদ করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।