চট্টগ্রামে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাই ও ডাকাতির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের চেরাগী পাহাড় মোড় থেকে তাদের আটক করে পুলিশ। তারা হলো মো. আরিফ ও চন্দন দাশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার উত্তম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরের জে এম সেন হলের মোড় থেকে একটি মাইক্রোবাস ধাওয়া করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসে থাকা তিনজন চেরাগী মোড়ে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি পিস্তল, ওয়াকিটকি এবং ডিবি লেখা দুটি জ্যাকেট উদ্ধার করা হয়। আরেকজনকে ধরা যায়নি। মাইক্রোবাসটিও তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। গাড়িটির নম্বরপ্লেট অস্পষ্ট ছিল।
ডিবির সহকারী কমিশনার বলেন, আটক দুজনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্বর্ণ, হুন্ডির টাকাসহ বিভিন্ন মালামাল ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।