ডিবি পরিচয়ে ছিনতাই!
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আজ মঙ্গলবার গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী জিহাদুল ইসলাম পলাশ (৪০) বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বিলমাগুরা গ্রামের বাসিন্দা।
জিহাদুলের ভাই এখলাস উদ্দিনের ভাষ্য, দুপুর সাড়ে ১২টার দিকে অগ্রণী ব্যাংকের বালিয়াকান্দি শাখা থেকে ১ লাখ ২০ হাজার টাকা তোলেন জিহাদুল। এ সময় তাঁর কাছে আরও প্রায় ৫০ হাজার টাকা ছিল। টাকা তোলার পর ব্যাংকের নিচ থেকে একটি ভ্যান ভাড়া করে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। কিছু দূর যাওয়ার পর আরও একজন যাত্রী ওই ভ্যানে ওঠেন। এরপর স্থানীয় নলিয়া আবদুল জলিল মিয়া জুটমিল পার হওয়ার পর একটি সাদা মাইক্রোবাস তাঁদের গতিরোধ করে। এ সময় গাড়ি থেকে নেমে অস্ত্রধারী দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। জিহাদুল মাইক্রোবাসে উঠতে অস্বীকৃতি জানালে তাঁর মাথায় অস্ত্র ধরা হয়। পরে তিনি মাইক্রোবাসে ওঠেন। পথচারীরা বিষয়টি জিহাদুলের বাড়িতে গিয়ে জানালে পরিবারের সদস্যরাও তাঁদের পিছু নেয়। পরে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের নিতমলা এলাকায় তাঁদের মাইক্রোবাস থেকে ফেলে দেওয়া হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ-খবর করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।