ডিবি পরিচয়ে ডেকে নিয়ে যুবককে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইব্রাহিম হোসেন নামের এক যুবককে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ইব্রাহিম (২৬) সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার চর বাইলজুড়ি গ্রামে।

পুলিশ ও ইব্রাহিমের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে সাদাপোশাকের কয়েকজন লোক ইব্রাহিমের বাড়িতে গিয়ে ডিবি পরিচয়ে তাঁকে ডেকে নেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল শনিবার সকালে বাড়ির অদূরে একটি বাগানে ইব্রাহিমের লাশ পাওয়া যায়। বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. লুৎফর রহমান বলেন, যুবকের নাক, ঠোঁটের নিচে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এতে তাঁর মৃত্যু হওয়ার কথা নয়। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

ইব্রাহিমের চাচাতো ভাই মতিয়ার খান প্রথম আলোকে বলেন, রাত আটটার দিকে ডিবি পরিচয়ে তিন-চারজন লোক ইব্রাহিমের বাড়িতে আসেন। তাঁকে ডেকে বাড়ি থেকে একটু দূরে রাস্তায় নিয়ে যান। সেখানে তখন আরও কয়েকজন লোক দাঁড়িয়েছিলেন। পরে আর তাঁর ভাইকে খুঁজে পাননি।

ডিবির মানিকগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, ডিবির কোনো সদস্য শুক্রবার এ ধরনের কোনো অভিযানে যাননি। দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. কবিরুল হক বলেন, ময়নাতদন্ত শেষে ইব্রাহিমের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা চান খা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।