ডিবি পরিচয়ে তুলে নিয়ে টাকা ছিনতাই
গাজীপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। টঙ্গী থানায় গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
ওই ব্যবসায়ীর নাম জয়নাল আবেদীন। তিনি টঙ্গীর খরতৈল ব্যাংকপাড়া এলাকার মুদি ব্যবসায়ী।
জয়নাল অভিযোগ করে বলেন, তিনি ইসলামী ব্যাংকের গাজীপুর সদরের বোর্ডবাজার শাখা থেকে টাকা উত্তোলন করে টঙ্গীতে যাওয়ার জন্য ঢাকাগামী অনাবিল পরিবহনের একটি বাসে ওঠেন। টঙ্গীর তারগাছ এলাকায় পৌঁছালে কালো রঙের একটি মাইক্রোবাসযোগে একদল লোক বাসটির গতি রোধ করেন। দলটির সদস্যদের পরনে ডিবি পুলিশের পোশাক ও হাতে অস্ত্র ছিল।
জয়নাল বলেন, দলটির সদস্যরা তাঁকে নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির সদস্য আখ্যায়িত করে বাস থেকে নামিয়ে নেন। এরপর চোখ বেঁধে ফেলে তাঁকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। তাঁর কাছে থাকা ১ লাখ ১ হাজার ৫০০ টাকা এবং একটি মুঠোফোন কেড়ে নিয়ে তুরাগের ধউর এলাকায় আশুলিয়া সড়কে নামিয়ে দেওয়া হয়। টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার গতকাল সন্ধ্যায় বলেন, এ ঘটনায় তিনি কোনো অভিযোগ পাননি।