ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের খাকডহর এলাকার বাড়ি থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে গত মঙ্গলবার রাতে কওমি মাদ্রাসার শিক্ষককে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁর সন্ধানের দাবিতে গতকাল শনিবার শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে।
নিখোঁজ ব্যক্তির নাম শহিদুল্লাহ সরকার। তিনি ছাওতুল হেরা নামের একটি কওমি মাদ্রাসার শিক্ষক।
গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধন হয়। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহিদুল্লাহ সরকারের সন্ধান দাবি করা হয়। ইত্তেফাকুল উলামার জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
আয়োজক সংগঠন সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে নিজ বাড়ি থেকে শহিদুল্লাহ সরকারকে ডিবি পরিচয় দিয়ে প্রায় ২০ জনের একটি দল তুলে নিয়ে যায়। দলটি দুটি মাইক্রোবাসে করে আসে। এ ঘটনায় পরদিন ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। ওই দিনই শহীদুল্লাহর মা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘শহিদুল্লাহ সরকারকে কেউ তুলে নিয়ে যায়নি। পুলিশ তাঁর সন্ধানে কাজ করে যাচ্ছে।’