ডিবি পরিচয়ে দুই ছাত্রীকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দুই কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা চালান নারী প্রতারক রাইয়ানা ইসলাম ওরফে সাহিদা। উজিরপুর উপজেলার একটি হোটেল থেকে প্রাইভেট কার নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে দেন। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বরিশাল নগরের মুক্তিযোদ্ধা পার্কে বেড়াতে গিয়ে ওই দুই কলেজছাত্রী অপহরণের শিকার হন। রাত পৌনে ১০টায় তাঁদের উজিরপুর থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে পুলিশে দেন। অপহরণের শিকার দুজনের একজন বরিশাল নগরের এবং অন্যজন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা। তারা উভয়েই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং পরস্পরের আত্মীয়।
এ ঘটনায় অপহরণের শিকার এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রাইয়ানা ইসলামের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন।
থানা-পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে নগরের কীর্তনখোলা নদী-তীরবর্তী বান্দ রোডের মুক্তিযোদ্ধা পার্কে বেড়াতে গিয়ে অপহরণের শিকার হয় দুই শিক্ষার্থী। নারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাইয়ানা ইসলাম ওই দুই শিক্ষার্থীকে অপহরণ করেন। ডিবি পরিচয় দেওয়া রাইয়ানা ইসলাম ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে বরিশালের সাবেক এক পুলিশ কমিশনারের মেয়ের খুলনা থেকে অপহৃত হওয়ার ঘটনার সঙ্গে ওই দুই ছাত্রীর সম্পৃক্ততার অভিযোগ আনেন। এরপর একটি প্রাইভেট কারে উঠিয়ে উজিরপুর উপজেলা সদরের সরদার বোর্ডিং হাউসে নিয়ে আটকে রাখেন। পরে তাদের মুক্তির বিনিময়ে পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন রাইয়ানা ইসলাম। বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা নিতে ব্যর্থ হয়ে এক শিক্ষার্থীর গলায় থাকা স্বর্ণের চেইন ও মুঠোফোনের দুটি সেট ছিনিয়ে নেন। বিষয়টিতে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে রাইয়ানা ইসলাম প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাঁকে ধরে উজিরপুর থানা-পুলিশে দেন। সেখান থেকে রাতেই তাঁকে বরিশালে আনা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, ভুয়া ডিবি পরিচয়ে দুই কলেজছাত্রীকে অপহরণ করার ঘটনা জানার পর সব থানায় বিষয়টি অবগত করানো হয়েছে। রাত পৌনে ১০টার দিকে অপহরণকারী রাইয়ানা ইসলামকে স্থানীয় লোকজন পুলিশের হাতে তুলে দেন। পরে তাঁর বিরুদ্ধে অপহরণের শিকার এক ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন।
নগরের উপকমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক রাইয়ানা ইসলাম অপহরণের কথা স্বীকার করেছেন।