ডিবি পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে একদল দুর্বৃত্ত এক ব্যবসায়ীকে কুপিয়ে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোবারক হোসেন (৩৫) নামে ওই ব্যক্তি পেশায় একজন কাঠ ব্যবসায়ী। তিনি উপজেলার দিঘী ইউনিয়নের কুটাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।
পুলিশ ও আহত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখা থেকে পাঁচ লাখ টাকা তুলে টেম্পোযোগে বাড়ি ফিরছিলেন মোবারক হোসেন। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় একটি হাইয়েস গাড়ি ওই টেম্পোর গতিরোধ করে। এ সময় গাড়িটির ভেতর থেকে নেমে আসা চার যুবক নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দিয়ে জোরপূর্বক তাঁকে গাড়িতে তোলে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা পার হওয়ার পর দুর্বৃত্তরা তাঁর হাত-পা ও চোখ গামছা দিয়ে বেঁধে ফেলে। তারপর তাঁকে রড দিয়ে পেটায় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়। এরপর তাঁর কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঢাকার ধামরাই উপজেলার বারবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাঁকে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মালেক খান বলেন, তাঁর মাথায় কোপের দুটি চিহ্ন রয়েছে। শরীরেও আঘাতের চিহ্ন আছে।
টাকা উত্তোলনের সত্যতা নিশ্চিত করে ইসলামী ব্যাংকের মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান মিয়া বলেন, ব্যবসা করার সুবাদে মোবারক ব্যাংকের এই শাখায় প্রায়ই অর্থ লেনদেন করতেন।
¯ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এ ঘটনায় ওই ব্যবসায়ী অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন।