ডিবি পরিচয়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীর গুলশান এলাকায় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে একদল ব্যক্তি সাড়ে সাত লাখ টাকা ছিনতাই করেছেন বলে অভিযোগ করেছেন মামুন মোল্লা নামের এক ব্যবসায়ী।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে গুলশান-২ নম্বর এলাকার ৬২ নম্বর রোডে এই ঘটনা ঘটে।
মামুন মোল্লা গাজীপুর জেলায় ঝুট ব্যবসা করেন। গুলশানে হাওয়েল টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার প্রধান কার্যালয়ে টাকা জমা দিতে যাওয়ার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন বলে অভিযোগ করেন।
মামুন মোল্লার ভাষ্য, আজ বেলা একটার দিকে ডাচ-বাংলা ব্যাংকের বনানী শাখা থেকে প্রথমে ১০ লাখ তোলেন তিনি। এর মধ্যে দুই লাখ ৪৫ হাজার টাকা ব্যবসায়িক এক অংশীদারের হিসাব নম্বরে জমা দেন মামুন। বাকি সাত লাখ ৫৫ হাজার টাকা একটি প্যাকেটে ভরে ব্যাংক থেকে বের হন তিনি। রিকশায় চড়ে হাওয়েল টেক্সটাইলের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন মামুন। গুলশান-২-এর ৬২ নম্বর রোডের কাছে পৌঁছালে একটি মাইক্রোবাস তাঁর পথ রোধ করে। মাইক্রোবাসে মোট ১০ জন যুবক ছিলেন। ওই যুবকেরা মামুনের কাছ থেকে টাকার প্যাকেটটি ছিনিয়ে নেন। তাঁরা নিজেদের গোয়েন্দা পুলিশ হিসেবে পরিচয় দিয়ে মামুনকে মাইক্রোবাসের ভেতর ঢোকানোর চেষ্টা করেন। তবে মামুনের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই যুবকেরা মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যান।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।