ডিবি পরিচয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

পঞ্চগড়ে নুর আলম (২৭) নামের এক বিকাশকর্মীর কাছ থেকে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে জেলার সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের তিনমাইল এলাকার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিকাশকর্মী পঞ্চগড় সদর থানায় অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগকারী বিকাশকর্মী নুর আলম বলেন, শনিবার তেঁতুলিয়ার বিভিন্ন বাজারে বিকাশ এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে ফিরছিলেন তিনি। এ সময় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে একটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি তাঁর গতিরোধ করে ডিবি পুলিশ হিসেবে পরিচয় দেন। বিকাশকর্মীর ব্যাগে ফেনসিডিল আছে বলে চ্যালেঞ্জ করেন তাঁরা। এ সময় নুর আলম পকেট থেকে মোবাইল ফোন বের করে বিকাশ অফিসে যোগাযোগ করার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে কাঁধে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলেও ছিনতাইকারীদের আটক করা যায়নি। নুর আলমের দাবি, তাঁর ব্যাগে সাড়ে সাত লাখ টাকা ছিল।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহমদ বলেন, ‘ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তি বিকাশকর্মী। তাঁর ব্যাগে সাড়ে সাত লাখ টাকা ছিল বলে তিনি আমাদের জানিয়েছেন। ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাঁকে থামিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ পেয়ে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ছিনতাইকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
ছিনতাইয়ের শিকার নুর আলম পঞ্চগড়ের বিকাশ ডিস্ট্রিবিউটরের আওতায় ডিস্ট্রিক্ট সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি জেলার বিভিন্ন বাজারের বিকাশ এজেন্টদের বিটুবির (ব্যালেন্স টু ব্যালেন্স) মাধ্যমে টাকা আদান-প্রদান করতেন।