ডিবি পরিচয়ে স্কুলছাত্রকে অপহরণ?
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গত মঙ্গলবার গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক স্কুলছাত্রকে অপহরণের পর ১০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলছাত্র জামালের বাবা আবদুল জলিল গতকাল বুধবার ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
জলিল জানান, জামাল বক্তাবলী উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। মঙ্গলবার রাতে সে নারায়ণগঞ্জ শহর থেকে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে বক্তাবলী নৌকাঘাটে আসে। এ সময় অজ্ঞাতপরিচয় চার দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে জামালকে মোটরসাইকেলসহ তুলে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে একটি মুঠোফোন থেকে অপহরণকারীরা তাঁকে ফোন করে জামালকে অপহরণের কথা জানায়। এ সময় অপহরণকারীরা ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করলেই জামালকে মুক্তি দেওয়া হবে বলেও জানায়। পরে তিনি ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করলে রাত সাড়ে ১২টার দিকে জামাল বাড়িতে ফিরে আসে।