ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বুধবার ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যক্তিকে মারধর করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় জিডি করা হয়েছে।
জিডির বরাত দিয়ে ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর ১২টার দিকে একটি সিঅ্যান্ডএফ এজেন্টের দুই কর্মী মো. আলম ও আমিনুল হক ৩০ লাখ ৪৯ হাজার টাকা নিয়ে মাইক্রোবাসে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন। আর্মি গলফ ক্লাবের সামনে সাদা রঙের একটি প্রাইভেট কার আড়াআড়িভাবে রেখে মাইক্রোবাসটির গতিরোধ করা হয়। একপর্যায়ে প্রাইভেট কার থেকে চার দুর্বৃত্ত নেমে অস্ত্রের মুখে দরজা খুলিয়ে মাইক্রোবাসে উঠে পড়ে। মাইক্রোবাসের চালক আলমকে চালকের আসন থেকে সরিয়ে দুর্বৃত্তদের একজন গাড়ির নিয়ন্ত্রণ নেয়। মাইক্রোবাসটি কুড়িলের দিকে চালাতে থাকে। তিন দুর্বৃত্ত আমিনুল হকসহ সিঅ্যান্ডএফের দুই কর্মীকে মারধর করে তাঁদের কাছ থেকে হাতব্যাগভর্তি ৩০ লাখ ৪৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ডিবি পরিচয়দানকারীরা কুড়িল বিশ্বরোডের কাছে মাইক্রোবাস থেকে সিঅ্যান্ডএফের দুই কর্মীকে নামিয়ে দেয়।
এ ঘটনায় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানটির মালিক আবু সাঈদ ক্যান্টনমেন্ট থানায় জিডি করেন।