ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই
রাজধানীর মিরপুরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় গতকাল মঙ্গলবার বিকেলে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
মিরপুর থানা-পুলিশ জানায়, দারুস সালাম সড়কের একটি ব্যাংক থেকে সাড়ে চার লাখ টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন এক ঠিকাদার। এ সময় একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ ১৪-৪২০৬) কয়েকজন এসে ডিবি পুলিশ (মহানগর গোয়েন্দা পুলিশ) পরিচয়ে টাকাসহ ওই ব্যক্তিকে তুলে নেয়। পরে তাঁর চোখ বেঁধে হাতকড়া লাগিয়ে মাইক্রোবাসে তোলে। মিরপুর কমার্স কলেজের রাস্তা অতিক্রম করার সময় রাস্তায় দাঁড়ানো এক ব্যক্তির সন্দেহ হলে তিনি পুলিশের সার্জেন্ট সাজ্জাদ হোসেনকে বিষয়টি জানান। পরে সার্জেন্টসহ স্থানীয় ব্যক্তিরা মাইক্রোবাসটি ধাওয়া করে ডাকাত দলের চার সদস্যকে আটক করেন। এ সময় ডাকাত দলের অন্য তিন সদস্য পালিয়ে যায়।
ফ্লেক্সিলোডের নাটক সাজিয়ে প্রতারণা: গত সোমবার রাতে রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের ভুয়া ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরা হলো মো. আলাউদ্দিন, মো. সেলিম, মো. জাহাঙ্গীর আলম, মো. এমদাদ, নিকুল ও মহিলা সদস্য মাসুমা। এক মাস আগে অজ্ঞাতনামা এক ব্যক্তি কিশোরগঞ্জের অষ্টগ্রামের কলমা ইউপির চেয়ারম্যান সাধন চন্দ্র দাসের মুঠোফোনে ২০০ টাকা ফ্লেক্সিলোড দেয়। পরে ওই ব্যক্তি ফোন করে টাকা ফেরত চান। সাধন টাকা ফেরত দেন। আবারও একই কায়দায় টাকা দিয়ে ফেরত নেয় ওই ব্যক্তি। এভাবে তাদের মধ্যে মুঠোফোনে সখ্য গড়ে ওঠে। ৪ এপ্রিল সাধন ঢাকায় আসবেন বলে ওই ব্যক্তিকে জানালে সে নিজের গাড়িতে করে চেয়ারম্যানকে ঢাকায় নিয়ে আসার আশ্বাস দেয়। পরে সেই ব্যক্তি কিশোরগঞ্জের বাজিতপুর থেকে সাধনকে মাইক্রোবাসে উঠিয়ে ঢাকার বাড্ডায় এনে আটকে রাখে। পরে সাধনের স্ত্রীকে ফোন করে বিকাশের মাধ্যমে দুই লাখ টাকা নেয়। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদা আফরোজ বলেন, মুক্ত হয়ে সাধন বাজিতপুর থানায় মামলা করেন। কিশোরগঞ্জের পুলিশ তদন্তে ডিবির সহায়তা চায়।