ডিবি পুলিশ পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল বিমান বন্দর সড়কে আজ বুধবার দুপুরে ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যক্তিকে মারধর করে তাদের কাছ থেকে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সাধারণ ডায়েরির বরাত দিয়ে ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বুধবার রাতে প্রথম আলোকে বলেন, দুপুর ১২ টার দিকে একটি সিঅ্যান্ডএফ এজেন্টের দুই কর্মী মো. আলম ও আমিনুল হক ৩০ লাখ ৪৯ হাজার টাকা নিয়ে মাইক্রোবাসে করে শাহজালাল বিমানবন্দরে যাচ্ছিলেন। এ সময় আর্মি গলফ ক্লাবের সামনে সাদা রঙের একটি প্রাইভেট কার আড়াআড়ি করে মাইক্রোবাসটির গতিরোধ করে। একপর্যায়ে প্রাইভেট কার থেকে চার দুর্বৃত্ত নেমে অস্ত্রের মুখে মাইক্রোবাসের দরজা খুলতে বাধ্য করে। তারা মাইক্রোবাসে উঠে পড়ে। মাইক্রোবাসের চালক আলমকে চালকের আসন থেকে সরিয়ে দুর্বৃত্তদের একজন গাড়ির নিয়ন্ত্রণ নেয়। এ সময় তিন দুর্বৃত্ত আমিনুল হকসহ সিঅ্যান্ডএফের দুই কর্মীকে মারধর করে তাদের কাছ থেকে হাতব্যাগ ভর্তি ৩০ লাখ ৪৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ডিবি পরিচয়দানকারীরা কুড়িল বিশ্বরোডের কাছে মাইক্রোবাস থেকে সিঅ্যান্ডএফের দুই কর্মীকে নামিয়ে দেয়। পরে এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক আবু সাঈদ ক্যান্টনমেন্ট থানায় একটি জিডি করেন।

রাতে আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ক্যান্টনমেন্ট থানা-পুলিশের সহায়তা নিয়ে কুড়িল বিশ্বরোডের কাছে ফেলে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।