ডিবি পুলিশ পরিচয় দেওয়া ছিনতাইকারীদের খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথার চুল ছোট করে ছাঁটা। কোমরে পিস্তল। সুযোগ পেলেই গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাই করে। এই চক্রের সদস্যদের খুঁজছে পুলিশ। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে নগরের কাজীর দেউড়ি এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পালানোর সময় চক্রের এক সদস্যকে ধরে পুলিশে দেয় স্থানীয় জনতা। তাঁর নাম মো. রাশেদ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদের কাছ থেকে ডিবি পরিচয়ে ছিনতাইকারী চক্রের বেশ কিছু তথ্য পেয়েছে। কয়েকজনের নাম-ঠিকানাও পাওয়া গেছে। নগরের বিভিন্ন স্থানে চক্রের সদস্যদের ধরতে অভিযান শুরু হয়েছে।

কাজীর দেউড়ি এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী জামশেদুল করিম বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে নগরের কোতোয়ালি থানায় মামলা করেছেন। এই মামলায় গতকাল শুক্রবার আসামি রাশেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কে এম তারেকুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া রাশেদের কাছ থেকে ছিনতাইকারী চক্রের সদস্যদের সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ছিনতাই হওয়া চার লাখ টাকা উদ্ধার এবং ঘটনায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধারের চেষ্টা চলছে।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার হওয়া রাশেদকে জিজ্ঞাসাবাদ করতে রোববার আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন করা হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের শিগগিরই গ্রেপ্তার করা যাবে। সাধারণত হুন্ডির টাকাই তাদের লক্ষ্য থাকে। এ কারণে ছিনতাইয়ের শিকার লোকজন পুলিশকে কিছু জানাতে চান না। ফলে এরা ধরাছোঁয়ার বাইরে থাকে।