ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতের ক্যাশিয়ার মোস্তাফিজুর রহমানকে (২৭) অপহরণের এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে ফরিদপুর গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের কমলাপুর এলাকার তারার মেলার স্কুলের কাছে এ অপহরণের ঘটনা ঘটে।
ডিবি পুলিশ সাড়ে ছয়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের একটি মাঠ থেকে মোস্তাফিজকে উদ্ধার করে। ওই সময় পুলিশ এক অপহরণকারীকে আটক করে। পরে বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার সকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণকারী সন্দেহে আরও তিনজনকে আটক করা হয়।
মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আদালতের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একটি অটোতে করে পাঁচ ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তাঁকে অপহরণ করে নিয়ে যায় এবং তাঁর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার জানান, অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে শের আলী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে শেখ শহিদ (৩৫) ও আল আমিনকে (২৮) আটক করা হয়। পরে গতকাল সকালে রাব্বী মিয়া (২০) নামের এক তরুণকে আটক করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, এ ব্যাপারে মুখ্য বিচারিক হাকিমের ক্যাশিয়ার মোস্তাফিজুর রহমান পাঁচজনকে আসামি করে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন।