ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ
নাটোর শহরের হরিশপুর এলাকায় আজ বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দুই গরু ব্যবসায়ীর এক লাখ ২৬ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।
নাটোর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, জেলার নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের সেলিম হোসেন ও জাকির হোসেন গরু কেনার জন্য আজ বুধবার দুপুরে শহরের হরিশপুর এলাকায় যান। এ সময় একটি প্রাইভেটকার থেকে নেমে দুই ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দেন এবং ওই দুই ব্যবসায়ীর শরীর তল্লাশি করেন। তল্লাশির সময় গরু কেনার জন্য সেলিমের কাছে থাকা এক লাখ টাকা এবং জাকিরের কাছে থাকা ২৬ হাজার টাকা তাঁরা নিয়ে নেন। এর পরপরই তাঁরা প্রাইভেটকারটি নিয়ে দ্রুত চলে যান। পরে তাঁরা ঘটনাটি নাটোর সদর থানাকে জানান।
এ ব্যাপারে নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, সেলিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নাটোর জেলা গোয়েন্দা পুলিশের কোনো সদস্য ঘটনার সময় সেখানে ছিলেন না। যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে কাজ করছে।