ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ
কুড়িগ্রামে গত শুক্রবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীকে অপহরণ করেছে একটি সংঘবদ্ধ চক্র। ওই চক্র আনোয়ারের ভাইয়ের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নাগেশ্বরী উপজেলার স্কুলেরহাট গ্রামের কাপড় ব্যবসায়ী আনোয়ার সৈয়দপুর থেকে কাপড় কিনে বিআরটিসি বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের আমিনবাজার এলাকায় পৌঁছালে রাজারহাট ও কাঁঠালবাড়ী এলাকার ১০-১২ জনের একটি সংঘবদ্ধ অপরাধী দল ডিবি পুলিশ পরিচয়ে বাসটি থামায়। তারা তল্লাশির নামে কাপড়সহ আনোয়ারকে বাস থেকে নামিয়ে নেয়। পরে সংঘবদ্ধ দলটি আনোয়ারের বড় ভাই আলিম উদ্দিনের কাছে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে। তিনি বিকাশ নম্বরে ১০ হাজার টাকা প্রদান করেন। এরপর ঘটনাটি তিনি পুলিশ সুপারকে জানালে পুলিশ বিকাশ নম্বরের সূত্র ধরে গতকাল শনিবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজারহাটের ছিনাই ইউনিয়নের মিজানুর রহমান, জাহিদ হাসান, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন, আতাউর রহমান, আব্বাস আলী ও সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের সুরুজ মণ্ডল।
এ ঘটনায় আলিম উদ্দিন শুক্রবার রাতে বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা করেছেন। পুলিশ সুপার তবারক উল্লাহ জানান, অপহৃত ব্যবসায়ী ও তাঁর লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।