ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাই
ডিবি পুলিশ (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে মামুন মোল্লা (৪০) নামের গার্মেন্টসের এক ঝুট ব্যবসায়ীকে মারধর করে তাঁর কাছ থেকে ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে কয়েকজন যুবক। গতকাল বুধবার রাজধানীর বনানীর লেকপাড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল পৌনে তিনটার দিকে একটি সাদা মাইক্রোবাসে আসা একদল যুবক বনানীর লেকপাড়ে মামুন মোল্লার গতিরোধ করে। একপর্যায়ে তারা মামুনকে টিনেহিঁচড়ে মাইক্রোবাসে ওঠানোর চেষ্টা করে।
মামুনের চিৎকারে পথচারীরা এগিয়ে আসার আগেই নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেওয়া যুবকেরা তাঁকে মারধর করে ছয় লাখ টাকাভর্তি হাতব্যাগটি ছিনিয়ে নেয়। পথচারীদের বাধায় তারা মামুনকে মাইক্রোবাসে তুলতে না পেরে টাকার ব্যাগটি নিয়ে মাইক্রোবাসে করে চলে যায়।
পুলিশ জানায়, গাজীপুরের ঝুট ব্যবসায়ী মামুন মোল্লা দুপুরে বনানীতে আসেন। তিনি সেখানকার একটি ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে রিকশায় গুলশান থানার পেছনের একটি কোম্পানিতে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, কয়েকজন যুবক ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে ‘মার্ডার কেসের’ আসামি উল্লেখ করে মাইক্রোবাসে ওঠাচ্ছিল।
তখন ওই ব্যক্তির চিৎকারে আশপাশের লোকজন এসে ডিবি পুলিশ পরিচয়দানকারীদের বলেন, তারা ধরছে কেন, তাঁরা গুলশান থানায় খবর দিচ্ছেন, থানার পুলিশ তাঁকে নিয়ে যাক। এরপর ওই যুবকেরা ছিনিয়ে নেওয়া টাকা নিয়ে মাইক্রোবাসে করে চলে যায়।
ওসি জানান, পূর্ববিরোধের জের ধরে ঘটনাটি ঘটে থাকতে পারে। কারণ, টাকা ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের মামুন চেনেন। তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।