ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আমিনুল ইসলাম (৩৫)। রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় রেলওয়ে মার্কেটে আমিনুলের একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান আছে।
আমিনুলের চাচাতো ভাই ইলিয়াস বলেন, দোকানের মালামাল কেনার জন্য আমিনুল কেরানীগঞ্জের একটি বেসরকারি ব্যাংক থেকে সাড়ে ১০ লাখ টাকা তুলেছিলেন। হাসনাবাদ থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন আমিনুল। এ সময় একটি মাইক্রোবাস থেকে চার-পাঁচজন লোক ডিবি পুলিশের পরিচয় দিয়ে টাকাসহ আমিনুলকে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাঁকে হাতকড়া পরিয়ে মারধর করে ও চোখে মলম লাগিয়ে দেয়। একপর্যায়ে টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী সড়কে নামিয়ে দেওয়া হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা টঙ্গিবাড়ী গিয়ে অসুস্থ আমিনুলকে উদ্ধার করে নিয়ে আসেন। ব্যবসায়ীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।