ডিবি পুলিশ পরিচয়ে ৩২ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে একদল দুর্বৃত্ত নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি ফলের দোকানে ডাকাতি করে ৩২ লাখ টাকা লুট করেছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন।

আহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার পাইকারি দোকান ফজল ফল ভান্ডারে গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, ফজল ফল ভান্ডারে শনিবার রাতভর বেচাকেনা চলছিল। রাত তিনটার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে নয়জন লোক বাজারে এসে নৈশপ্রহরীদের কাছে ফজল ফল ভান্ডারের ঠিকানা জানতে চায়। মুখে মুখোশ থাকলেও তাদের শরীরে গোয়েন্দা পুলিশের মতো পোশাক ছিল। আর হাতে ছিল পিস্তল ও ওয়াকিটকি। দুজন নৈশপ্রহরী তাদের ফজল ফল ভান্ডারের কাছে নিয়ে যান। এ সময় তারা সবাইকে দোকানের একটি কক্ষে আটকে রেখে দোকান তল্লাশি করার কথা বলে।

তল্লাশির একপর্যায়ে ডিবি পরিচয় দেওয়া লোকজন দোকানের ব্যবস্থাপকের কাছে ক্যাশ বাক্সের চাবি চায়। তিনি চাবি দিতে না চাইলে তাঁকে মারধর করা হয়। পরে তারা ক্যাশ বাক্স থেকে ৩২ লাখ টাকা ও কয়েকটি মুঠোফোন লুট করে নিয়ে পালানোর জন্য দ্রুত মাইক্রোবাসে উঠতে থাকে। তখন দোকানের কয়েকজন কর্মচারী ও পাইকারি ক্রেতারা একজোট হয়ে এক ব্যক্তিকে মাইক্রোবাস থেকে টেনে নামান। অন্যরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে বনপাড়ার দিকে চলে যায়।

আটক ব্যক্তির নাম আবিদ হাসান (২৪)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার বাসিন্দা। আটক হওয়ার পর আবিদ উপস্থিত লোকজনকে বলেন, তাঁরা নয়জন উল্লাপাড়া থেকে দুটি মাইক্রোবাসে করে ডাকাতি করতে এসেছিলেন। পালিয়ে যাওয়া ডাকাতদের মধ্যে তিনি দুজনের নাম-পরিচয় বলেছেন। সকালে আটক ব্যক্তিকে স্থানীয় লোকজন মারধর করে বড়াইগ্রাম থানার পুলিশের কাছে সোপর্দ করেন।

ফল ভান্ডারের ব্যবস্থাপক আমিরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা মুখোশ পরা ছিল। পোশাক ও ওয়্যারলেস দেখে তাঁরা প্রথমে দুর্বৃত্তদের পুলিশের লোক বলে বিশ্বাস করেছিলেন। পরে তারা ক্যাশ বাক্স থেকে টাকা বস্তায় ভরে মাইক্রোবাসে ওঠালে তিনিসহ (আমিরুল) স্থানীয় লোকজন বুঝতে পারেন তারা ডাকাত।

এ ব্যাপারে দোকানের মালিক ফজল হোসেন গতকাল রোববার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ফজল বলেন, সারা রাত ধরে তাঁর দোকানে বিক্রি হয়। গত দুদিন ছুটি হওয়ায় বিক্রি বেশি ছিল। তাই দোকানে ৩২ লাখের বেশি টাকা ছিল। দুর্বৃত্তরা সবকিছু জেনে ও পূর্বপরিকল্পিতভাবে ডাকাতি করেছে। কয়েক মাস আগেও দুর্বৃত্তরা বনপাড়া সড়কে তাঁর কাছ থেকে ছয় লাখ টাকা ছিনতাই করেছিল। এ ঘটনায় পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি।

বড়াইগ্রাম থানার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন ডাকাত সন্দেহে এক যুবককে থানায় সোপর্দ করেছেন। মামলা রেকর্ডভুক্ত করার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।