ডিবিএসকেএসের 'প্রতারণা'র ফাঁদে ১৪ হাজার গ্রাহক
প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুস্থ ও ভূমিহীন সমাজকল্যাণ সংস্থা (ডিবিএসকেএস) তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ১৪ হাজার গ্রাহক সংস্থাটিতে আমানত ও চাকরির জামানত বাবদ লাখ লাখ টাকা জমা দিয়ে প্রতারণার ফাঁদে পড়েছেন।
প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে ২১ সেপ্টেম্বর ওই সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সমাজসেবা কার্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া এলাকায় ডিবিএসকেএস কার্যালয় খোলে। কিন্তু বেশির ভাগ সময় এই কার্যালয় বন্ধ ছিল। সর্বশেষ তিন বছর আগে সংস্থাটি নতুন করে কার্যক্রম শুরু করে। উচ্চ বেতনের প্রতিশ্রুতি দিয়ে তারা প্রথমে কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে তিন থেকে ১২ হাজার টাকা পর্যন্ত জামানত আদায় করে। এ পর্যন্ত ২৬৪ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হলেও বেতন-ভাতা না পেয়ে ৬৯ জন চাকরি ছেড়ে দিয়েছেন। ছেড়ে যাওয়া কর্মকর্তারা তাঁদের জামানতের টাকাও ফেরত পাননি। শাখা ব্যবস্থাপক পদ ছেড়ে যাওয়া ফারুক হোসেন বলেন, ‘সংস্থার কর্মকাণ্ড সন্দেহজনক হওয়ায় আমি চাকরি ছেড়ে দিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ আমার জামানতের ১২ হাজার টাকা ফেরত দেয়নি।’
এদিকে কর্মচারীদের দিয়ে সংস্থাটি ইতিমধ্যে ১৩ হাজার ৯৭২ জন গ্রাহক সংগ্রহ করেছে। গ্রাহকদের কাছ থেকে নিবন্ধন ফি (প্রত্যেকের কাছ থেকে ১২৫ টাকা) বাবদ ১৭ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে। এক বছর ধরে তাঁদের বসতবাড়ি নির্মাণ খরচ ও ব্যবসার পুঁজি সরবরাহসহ নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু কোনো প্রতিশ্রুতিই রক্ষা হয়নি। সংস্থাটির কার্যক্রম নিয়ে সন্দেহ হওয়ায় বড়াইগ্রাম পৌরসভার কাউন্সিলর মোবারক হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে গত এপ্রিল মাসে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে জেলা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউএনও গত জুলাই মাসে ওই কার্যালয়ের কার্যক্রম তদন্ত করেন। তদন্তে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত না থাকা এবং চলমান কার্যক্রমের কোনো অনুমতি ও স্বচ্ছতা না থাকায় সংস্থাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ইউএনও। ৯ সেপ্টেম্বর জেলা সমাজসেবা কার্যালয় থেকেও চিঠি দিয়ে তাদের কার্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডিবিএসকেএস ১৮ সেপ্টেম্বর বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে একটি প্রকল্প উদ্বোধনের নামে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে না জানিয়ে ওই অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি মাইকেল বেরিকে প্রধান অতিথি, উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল আলম ও বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেনকে বিশেষ অতিথি করা হয়। অনুষ্ঠানের খবর জানার পর ২১ সেপ্টেম্বর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বায়েজীদ হোসেন ওয়ারেছী সংস্থার নির্বাহী পরিচালককে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন।
বায়েজীদ হোসেন ওয়ারেছী বলেন, ‘বিধিবিধানের তোয়াক্কা না করে বিদেশি অর্থ লাভের আশায় সংস্থাটি বেআইনিভাবে কার্যক্রম চালাচ্ছে। এতে ১৪ হাজার গ্রাহক প্রতারণার ফাঁদে পড়েছেন। তাঁদের রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এ ব্যাপারে একরামুল আলম ও জাকির হোসেন জানান, নিষেধাজ্ঞার বিষয়টি তাঁদের কাছে গোপন রাখা হয়েছিল। আগে জানলে তাঁরা অনুষ্ঠানে যেতেন না।
নিষেধাজ্ঞা আরোপের সত্যতা নিশ্চিত করে ডিবিএসকেএসের নির্বাহী পরিচালক ওসমান আলী বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে কিছু তথ্য চাওয়া হয়েছে। কার্যালয় খোলা রেখে সেসব তথ্য-উপাত্ত সরবরাহ করার জন্য কাজ করছি। তবে মূল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’ কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করে ওসমান আলী বলেন, ‘আমরা নোটিশের জবাব দেব। আমরা গ্রাহকদের কাছ থেকে শুধু নিবন্ধন ফি নিয়েছি। সুবিধাভোগী হওয়ার জন্য তাঁরা এই অর্থ দিয়েছেন। সময় হলে তাঁদের সহযোগিতা করব।’
তবে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জন্য জামানত নেওয়ার কথা অস্বীকার করে ওসমান বলেন, ‘আমরা এই মুহূর্তে তাঁদের বেতন দিতে পারছি না। তাঁরা স্ব-উদ্যোগে কাজ করছেন।’
জানতে চাইলে ইউএনও শরীফুন্নেসা গতকাল শনিবার রাতে বলেন, সংস্থাটি এখনো কারণ দর্শায়নি। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।