ডিবির এসআইসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম ও তাঁর দুই তথ্যদাতার (সোর্স) বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার নবীনগর উপজেলার এক নারী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে ওই মামলা করেন।
মামলায় অভিযুক্ত দুই তথ্যদাতা হলেন শহরের কাজীপাড়া এলাকার সুমন ও আল-আমিন।
মামলার আরজিতে বলা হয়েছে, বাদীর দায়ের করা একটি মামলার আসামি গ্রেপ্তারের সূত্র ধরে এসআই মাইনুলের সঙ্গে তাঁর পরিচয়। ১৫ এপ্রিল এসআই মাইনুল বাদীকে শহরের একটি বাসায় কৌশলে নিয়ে গিয়ে সুমন, আল-আমিনসহ ধর্ষণের চেষ্টা করেন। এভাবে তিন দিন ওই বাসায় আটকে রেখে ধর্ষণের চেষ্টা করা হয়। পাশাপাশি তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করা হয়।
১৯ এপ্রিল এসআই মাইনুল বাদীকে নিয়ে কাউতলী এলাকার সিটি ব্যাংকের শাখা থেকে তাঁর (বাদী) সাড়ে চার লাখ টাকা তুলে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে জোর করে দুটি স্ট্যাম্পে সই নেওয়া হয় এবং মামলার দুই নম্বর আসামি সুমনের সঙ্গে তাঁকে বিয়ে দেওয়া হয়। এ বিষয়ে অভিযুক্ত এসআই মাইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছুটি নিয়ে তিনি ঢাকায় গেছেন। এই মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।
বাদীর আইনজীবী আবু তাহের জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্রকে আগামী ৬০ দিনের মধ্যে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।