ডিবির এসিসহ গুলিবিদ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পোস্তগোলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক সহকারী কমিশনারসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বাকি দুজনের একজন পথচারী, অন্যজন ওই পুলিশ কর্মকর্তার ‘সোর্স’ বলে জানা গেছে। গতকাল শনিবার রাত পৌনে নয়টার দিকে পোস্তগোলায় নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। তিনজনই আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

পুলিশ বলছে, অস্ত্র ব্যবসায়ীদের ধরতে ডিবির একটি দলকে নিয়ে অভিযানে গিয়েছিলেন আহত ওই পুলিশ কর্মকর্তা।

আহত তিনজন হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (পশ্চিম) জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) রাহুল পাটোয়ারি, তার সোর্স বিল্লাল হোসেন এবং পথচারী সেলিম। রাহুলের পেটের বাঁ পাশে গুলি লেগেছে। বিল্লালের পায়ে এবং সেলিমের পিঠে গুলি লেগেছে। তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাহুলকে হাসপাতালে দেখতে এসে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য ডিবির একটা দল রাহুল পাটোয়ারির নেতৃত্বে ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশ অস্ত্র ব্যবসায়ীদের ঘিরে ফেলে। যার হাতে অস্ত্র ছিল তাকে রাহুল জাপটে ধরেন। তাৎক্ষণিকভাবে পাশ থেকে আরেক সন্ত্রাসী তাঁকে গুলি করে।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থলের আশপাশে অবস্থান নিয়েছিলেন। কিন্তু সন্ত্রাসীরা গুলি করেই পালিয়ে যায়। রাহুলের অবস্থান স্থিতিশীল বলে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন। সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলেছে।

এর আগে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, রাহুল পাটোয়ারি কোনো অভিযানে গিয়েছিলেন কি না তা তাঁদের জানা নেই। ঘটনার পর তাঁরা ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন বলেছেন, তাঁরা সেখানে বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন। গুলিবিদ্ধ সহকারী কমিশনারকে প্রথমে স্থানীয় সিটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ পথচারী সেলিম প্রথম আলোকে বলেন, তিনি প্রাইভেট কার চালান। গাড়ি গ্যারেজে রেখে বাসায় ফেরার পথে ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে তিনি চা খাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি গুলি এসে তাঁর পিঠে লাগে।

শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম হাবিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিল্লাল হোসেন নামের ওই ব্যক্তির পায়ে গুলি লেগেছে। তিনি সহকারী কমিশনারের সোর্স ছিলেন বলে তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।