ডিবির ওপর হামলা, আহত ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় গতকাল রোববার অপরাধী ধরতে গিয়ে এলাকাবাসীর হামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) তিন সদস্য আহত হয়েছেন। ডিবি বলেছে, পরে গুলিবিদ্ধ অবস্থায় এক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো বলেছে, বেলা দুইটার দিকে ডেমরার পার্শ্ববর্তী চনপাড়ায় ডিবির একটি দল মাদক ও ডাকাতি মামলার এক আসামিকে ধরতে যায়। এ সময় এলাকাবাসী তাদের ওপর চড়াও হলে ডিবির এএসআই সাখাওয়াত হোসেন এএসআই মিলন ও কনস্টেবল মো. মনির আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলেছে, ইফতারের পর ডিবির তিন সদস্যকে হাসপাতালে আনা হয়। এঁদের মধ্যে মাথায় গুরুতর আঘাত থাকা এএসআই মিলনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত নয়টার দিকে শমসের আলী নামের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়। শমসেরের দুই হাঁটুর নিচে গুলি লেগেছে।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ডিবির দলটিকে ভুল বুঝে গ্রামবাসী হামলা চালায়। পরে তারা ভুল বুঝতে পেরে পেশাদার অপরাধী শমসেরকে ধরতে সাহায্য করে।