পাবনা সদর উপজেলার টেবুনিয়া এলাকায় গত রোববার গভীর রাতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের গুলিতে আবু হানিফ ওরফে বার্মা লিটন নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর কাছ থেকে পিস্তল, গুলি ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার রাতে ডিবির ওসি জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য পাবনা-ঈশ্বরদী মহাসড়কে অবস্থান নেন। রাত দেড়টার দিকে ঈশ্বরদীর দিক থেকে একটি মোটরসাইকেল পাবনার দিকে আসছিল। থামার সংকেত দেওয়া হলেও মোটরসাইকেলের চালক সংকেত অমান্য করে গুলি ছুড়তে শুরু করেন। পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়েন। এতে ওই ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়ে সড়কে পড়ে যান। পরে তাঁর নাম-পরিচয় জানা যায়। তাঁর কাছে তিনটি গুলিভর্তি একটি পিস্তল ও ৫০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। আহত অবস্থায় তাঁকে আটক করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, আটক ব্যক্তি জেলার ইয়াবা ব্যবসার মূল হোতা। তিনি মিয়ানমার থেকে সরাসরি ইয়াবা বড়ি এনে পাবনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সরবরাহ করেন। ফলে এলাকায় তিনি বার্মা লিটন নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা আছে।
পুলিশ সুপার বলেন, অধিকাংশ সময় আবু হানিফ (৩৪) লোক দিয়ে ইয়াবা বহনের কাজ করেন। ফলে তিনি ধরাছোঁয়ার বাইরে থেকে যান। বেশ কিছুদিন ধরে তাঁকে খোঁজা হচ্ছিল। আটকের পর তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় দুটি মামলা করা হয়। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।