কুষ্টিয়ায় এক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার রাতে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযুক্তরা হলেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্য মাহবুবুর রহমান ও গোলাম গাউস। একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় তাঁদের জড়িত থাকার বিষয়ে জানতে পেরেছেন।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম সুমন কুমার নন্দী। শহরের বড়বাজারে তাঁর সুমন জুয়েলার্স নামে একটি দোকান আছে। সুমন বলেন, সোনার গয়না বানানোর সূত্র ধরে তাঁর দোকানে প্রায়ই এক নারী আসা-যাওয়া করতেন। পরিচিত হওয়ায় ওই নারীকে তিনি বাকিতে বেশ কিছু গয়না বানিয়ে দেন। মাসে মাসে টাকা দিয়ে দেনা পরিশোধ করতেন ওই নারী।
৮ জুন সকালে ওই নারী সুমনকে ফোন দিয়ে তাঁদের বাসায় গিয়ে পাওনা টাকা নেওয়ার অনুরোধ করেন। সুমন দুপুরে ওই নারীর বাসায় যান। সে সময় গোয়েন্দা পুলিশের সদস্য মাহবুব ও গাউস বাসায় ঢুকে পড়েন। তাঁরা সমুনকে জিম্মি করে ওই নারীর সঙ্গে আপত্তিকর ছবি তোলেন এবং ভিডিওচিত্র ধারণ করেন। পরে মাহবুব ও গাউস ভিডিওচিত্র দেখিয়ে সুমনের কাছে ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তাঁরা। পরদিন তাঁদের ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়।
সুমন বিষয়টি গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। পুলিশ অভিযোগ পাওয়ার পর মাহবুব ও গাউসকে চিহ্নিত করে। গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, এমন ঘটনা এর আগেও ঘটেছে। তাঁদের চক্রে কয়েকজন নারীও আছেন। বিশেষ করে মাহবুবের বিরুদ্ধে এর আগেও কয়েকবার অভিযোগ পাওয়া গেছে। তবে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জানতে চাইলে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, অভিযুক্তদের রোববার রাতে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করতে সহকারী পুলিশ সুপার (সদর) মতিয়ার রহমানকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।
অভিযোগের ব্যাপারে জানতে মাহবুবুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া মেলেনি। গোলাম গাউসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।