ডিবির বিরুদ্ধে একজনকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় গত রোববার অভিযান চলাকালে গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার টঙ্গীতে স্বামীর হাতে এক নারী খুন হয়েছেন। এ ছাড়া সাভারে এক যুবক ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জ: পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, রোববার দুপুর ১২টার দিকে আমিনবাজার এলাকার বেগুনবাড়ী মহল্লায় সাভার ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামসহ পাঁচজন সাদাপোশাকে মাদক ব্যবসায়ী সন্দেহে ওয়াহিদুজ্জামান (৩৫) নামের একজনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় আটকের পর ধস্তাধস্তির একপর্যায়ে ওয়াহিদুজ্জামানসহ ডিবির এক সদস্য বাড়ির পাশে ডোবার নোংরা পানিতে পড়ে যান।
ওয়াহিদুজ্জামানের ছোট ভাই আবুল কালাম বলেন, ডোবায় পড়ে যাওয়ার পর তাঁর ভাইকে পুলিশের সদস্যরা মারধর করেন। কিছুক্ষণ পর ডোবার পাশ থেকে ডিবি পুলিশের অপর দুই সদস্য বাড়িতে এলে খোঁজ জানতে চাইলে ওয়াহিদুজ্জামান পালিয়ে গেছেন বলে জানান। এরপর গতকাল সোমবার বেলা একটার দিকে কচুরিপানায় ভর্তি ডোবার পানিতে তাঁর ভাইয়ের লাশ দেখতে পান।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে অভিযুক্ত ডিবি পুলিশের বিচারের দাবিতে ওয়াহিদুজ্জামানের লাশ নিয়ে আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন স্বজন ও এলাকাবাসী। প্রায় ২০ মিনিট পর পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মহাসড়ক থেকে অবরোধকারীরা চলে যান।
গতকাল রাত সাড়ে আটটার দিকে ডিবির এসআই আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
সাভার ডিবির দায়িত্বে থাকা ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বলেন, ওয়াহিদুজ্জামান মাদক ব্যবসায়ী ছিলেন। মাদক উদ্ধারে তাঁর বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। হত্যার অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাভারের সাধাপুর এলাকায় রোববার দুপুরে বাড়ির পাশ থেকে বশির শিকদার (৩০) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভার মডেল থানার এসআই কবির হোসেন বলেন, গাছে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।
গাজীপুর: টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, টঙ্গীর পাগারের ঝিনুক মার্কেট এলাকায় গতকাল বিকেলে স্বামীর হাতে এক নারী খুন হয়েছেন। নিহত নারীর নাম শান্তি (৪০)। এ ঘটনায় স্বামী তৈয়ব আলীকে (৫৫) আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে ঘরের ভেতরে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শান্তিকে গুরুতর জখম করা হয়। টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নিহত গৃহবধূর পরিবার সূত্র জানায়, গত রোববার দুপুরে সোনারগাঁয়ের বাগমুছা গ্রামে আনিসুর রহমান স্ত্রী নাজনিন আক্তারকে হত্যা করেন। পরে লাশের গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর তাঁর শ্বশুরবাড়ির লোকজন পলাতক। খুনে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
নাজনিন আক্তারের বাবা বলেন, যৌতুকের জন্য তাঁর মেয়েকে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
এদিকে সোনারগাঁর গোবিন্দপুর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে গতকাল অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।